অবসরের গুঞ্জনের মাঝেই ২০৩০ বিশ্বকাপ নিয়ে মেসির বার্তা
২০২৬ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। টুর্নামেন্টে মাত্র দুটি ম্যাচ খেলেই গোলের বন্যা বইয়ে দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি। তার নৈপুণ্যে একের পর এক রেকর্ড গড়ছে আর্জেন্টিনা, আর সমৃদ্ধ হচ্ছে মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারও।
গ্রুপপর্বের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার জালে হ্যাটট্রিক করার পর দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে করেন জোড়া গোল। তার দুই গোলেই ২-০ ব্যবধানে জয় তুলে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
এই দুই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে নতুন উচ্চতায় পৌঁছেছেন মেসি। তার মোট বিশ্বকাপ গোলসংখ্যা এখন ১৮, যা পুরুষদের বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ। ফলে বিশ্বকাপের সর্বকালের সেরা গোলদাতার আসনে এখন এককভাবে অবস্থান করছেন তিনি।
চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার করা পাঁচটি গোলের প্রতিটিতেই অবদান রয়েছে মেসির। দুই ম্যাচে পাঁচ গোল করে তিনি শুধু দলকে নকআউট পর্বের দোরগোড়ায় পৌঁছে দেননি, নিজের নামের পাশেও যোগ করেছেন নতুন এক অনন্য কীর্তি।
এটি মেসির ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। ২০০৬ সালে জার্মানিতে প্রথমবার বিশ্বকাপের মঞ্চে নামার পর ২০২২ সালে কাতারে আর্জেন্টিনাকে শিরোপা জিতিয়ে পূরণ করেন আজীবনের স্বপ্ন। আর ২০২৬ বিশ্বকাপে এসে সেই সাফল্যের ধারাবাহিকতায় ভাঙছেন একের পর এক রেকর্ড।
৩৯ বছর বয়সেও তার ফিটনেস, নেতৃত্ব ও পারফরম্যান্স প্রমাণ করছে—বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরে এখনো তিনি সমান কার্যকর। তাই তাকে ঘিরেই আবারও শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখছে আর্জেন্টিনা।
বিশ্বকাপ চলাকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেন মেসি। ২০৩০ বিশ্বকাপে তাকে দেখা যাবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আপাতত এত দূরের বিষয় নিয়ে ভাবছেন না।
মেসি বলেন, **“আমি এখনও কিছুদিন খেলতে চাই। যতদিন দলের জন্য অবদান রাখতে পারব, শারীরিকভাবে ভালো অনুভব করব এবং সতীর্থদের সাহায্য করতে পারব, ততদিন খেলে যাব।”**
২০৩০ বিশ্বকাপে অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে তিনি আরও বলেন, **“সত্যি বলতে এখনই সেটা নিয়ে ভাবছি না। সময়টা এখনও অনেক দূরে। আমি বর্তমানে মনোযোগ দিচ্ছি এবং দিন ধরে এগোচ্ছি।”**
এদিকে বিশ্বকাপে উড়ন্ত সূচনা করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ এবং দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। গ্রুপপর্বের শেষ ম্যাচে আজ জর্ডানের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
সজল আহমেদ / প্রীতম দাস
মন্তব্য করুন: