প্রেমিকার বাড়ি ভাঙচুর
মৌলভীবাজারে পরকীয়া প্রেমে বিষপানে প্রেমিকের মৃত্যু!
মৌলভীবাজারে পরকীয়া প্রেমের এক চরম ও করুণ পরিণতি ঘটেছে। প্রেমিকার স্বামীর এলাকায় গিয়ে বিষপান করা সিএনজি চালক মুহিবুর রহমান (৪৮) দীর্ঘ ৯ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেছেন। গত ২৩ জুন (মঙ্গলবার) বিকেল ৪:৫০ মিনিটে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শনিবার (২৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন প্রেমিকের ঘণিষ্ট আবদুল হাদি।
এই মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ক্ষুব্ধ স্বজনরা প্রেমিকার বাবার বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। উদ্ভূত পরিস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।
স্থানীয় ও এলাকা সূত্রে জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ধনাশ্রী গ্রামের মৃত এরসাদ মিয়ার ছেলে মুহিবুর রহমানের সাথে একই গ্রামের রফিক মিয়ার মেয়ে রাবিয়া বেগমের (৩৩) দীর্ঘ ১০ বছর ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল। পেশায় সিএনজি চালক মুহিবুর রহমানের ঘরে দুই স্ত্রী ও সন্তান রয়েছে।
অন্যদিকে, রাবিয়া বেগমের এর আগেও কয়েকটি বিয়ে হয়েছিল। বর্তমানে কুলাউড়া উপজেলার জয়চন্ডী এলাকায় এক প্রবাসীর সাথে তাঁর বিয়ে হয় এবং তিনি দুই সন্তানের জননী।
গত ১৫ জুন (২০২৬) মুহিবুর রহমান প্রেমিকা রাবিয়ার খোঁজে কুলাউড়াস্থ জয়চন্ডী এলাকায় তাঁর স্বামীর বাড়ির পাশে যান। সেখানে কোনো কারণে সম্পর্কের টানাপোড়েন তৈরি হলে ক্ষোভ ও অভিমানে মুহিবুর বিষপান করেন।
বিষপানের পর গুরুতর আহত অবস্থায় মুহিবুরকে প্রথমে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। দীর্ঘ ৯ দিন মৃত্যুর সাথে লড়াই করে গত ২৩ জুন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে মুহিবুরের মরদেহ বাড়িতে নিয়ে আসার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী ধনাশ্রী গ্রামে প্রেমিকা রাবিয়ার বাবার বাড়িতে হামলা চালায়। মুহিবুরের ছেলে ও আত্মীয়-স্বজনরা রাবিয়ার বাবার ঘরবাড়িতে ব্যাপক ভাঙচুর করেছে বলে জানা গেছে।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মৌলভীবাজার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। পরকীয়া সম্পর্কের জেরে ঘটে যাওয়া এই অকাল মৃত্যু ও পরবর্তী সহিংসতার কারণে পুরো এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: