করাচিতে রেঞ্জার্স সদরদপ্তরে ভয়াবহ সশস্ত্র হামলা, নিহত ৭
পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের সদরদপ্তরে ভয়াবহ সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় গুলিস্তান-ই-জওহর এলাকায় সংঘটিত এ হামলায় তিন রেঞ্জার্স সদস্য নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে চার হামলাকারীও নিহত হয়েছে।
সিন্ধু পুলিশের মহাপরিদর্শক (আইজি) জাভেদ আলম ওধো জানিয়েছেন, হামলাকারীদের একটি দল ভারী অস্ত্র নিয়ে একটি বিস্ফোরকবোঝাই যানবাহনের সাহায্যে সদরদপ্তরের প্রধান ফটকে আঘাত হানে। এরপর তারা কম্পাউন্ডে প্রবেশ করে নির্বিচার গুলিবর্ষণ শুরু করে। তবে ফটকে আঘাতের পর বিস্ফোরণ ঘটেছিল কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।
হামলার পরপরই পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। মোসামিয়াত চৌরাঙ্গি ও আশপাশের এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। বিশেষ নিরাপত্তা ইউনিট (এসএসইউ), অ্যান্টি-টেররিস্ট ফোর্স এবং রেঞ্জার্স সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে সিন্ধুর মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ ঘটনাটি গভীরভাবে পর্যবেক্ষণের কথা জানিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত প্রতিবেদন তলব করেছেন।
জরুরি সেবাদানকারী সংস্থা এধি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, এ হামলায় অন্তত দুজন আহত হয়েছেন। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে সশস্ত্র হামলার প্রবণতা বেড়েছে। করাচির এই হামলা দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
সজল আহমেদ / প্রীতম দাস
মন্তব্য করুন: