বাংলাদেশ নদী পরিব্রাজক দল সিলেটের বৃক্ষরোপণ কর্মসূচি
পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নদী পরিব্রাজক দল, সিলেট জেলা শাখার উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) বিকেলে সিলেট নগরীর দক্ষিণ সুরমাস্থ মাদ্রাসায়ে মদিনাতুল উলুম খিত্তা গোপশহর মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বাংলাদেশ নদী পরিব্রাজক দল সিলেট জেলা শাখার সভাপতি মো. শাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ এ. কে. আজাদ ফাহিম।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ এ. কে. আজাদ ফাহিম বলেন, নদী, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সামাজিক আন্দোলন হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রমকে আরও বিস্তৃত করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসায়ে মদিনাতুল উলুম খিত্তা গোপশহরের কার্যনির্বাহী কমিটির সদস্য হাজী মো. মুমিন হোসেন ও গিয়াস উদ্দিন, বাংলাদেশ নদী পরিব্রাজক দল সিলেট জেলা শাখার উপদেষ্টা আহমেদ জাকারিয়া, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শাহিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান এরশাদ, জীববৈচিত্র্য বিষয়ক সম্পাদক এস. এ. শফি এবং সংগঠক কৃষিবিদ মো. জিল্লুর রহমান।
মাদ্রাসা কর্তৃপক্ষের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা সচিব মুফতি এহসানুল হক, সহকারী শিক্ষা সচিব মুফতি বাহার উদ্দীন, সিনিয়র শিক্ষক মুফতি ইশফাকুর রহমান এবং মাওলানা শরীফ তালুকদারসহ অন্যান্য শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। উপস্থিত বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, নদী ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে আয়োজকরা ভবিষ্যতেও সিলেটে পরিবেশ ও নদী সংরক্ষণে জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
তাহির আহমদ
মন্তব্য করুন: