চুক্তি ভাঙলেই কঠোর ব্যবস্থা, হরমুজ নিয়ে ইরানের নতুন হুঁশিয়ারি
হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজের ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার করার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। সংস্থাটি জানিয়েছে, বিদ্যমান চুক্তি অমান্যকারী জাহাজগুলোর বিরুদ্ধে এখন থেকে আগের যেকোনো সময়ের তুলনায় আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পর প্রকাশিত এক বিবৃতিতে এ অবস্থান স্পষ্ট করে আইআরজিসি।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার অন্তর্বর্তী চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের দায়িত্ব তেহরানের ওপর ন্যস্ত রয়েছে। সেই চুক্তির শর্ত লঙ্ঘন করা হলে সংশ্লিষ্ট জাহাজের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে ইরান দ্বিধা করবে না।
এ ছাড়া আইআরজিসি সতর্ক করে বলেছে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের চালানো হামলার মতো ভবিষ্যতে ‘যেকোনো অজুহাতে’ শত্রুপক্ষের সম্ভাব্য আগ্রাসনের জবাব কঠোরভাবে দেওয়া হবে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, যুদ্ধবিরতি লঙ্ঘন করা বিদ্যমান সমঝোতা স্মারকের (এমওইউ) পরিপন্থি। এমন কোনো ঘটনা ঘটলে চলমান সব ধরনের প্রক্রিয়া সম্পূর্ণভাবে স্থগিত হয়ে যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি।
সজল আহমেদ / প্রীতম দাস
মন্তব্য করুন: