গোলের সিংহাসন ফের ব্রাজিলের
বিশ্বকাপের মঞ্চে গোলের সিংহাসন ঘিরে জমে উঠেছে দারুণ লড়াই। ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা দল হওয়ার দৌড়ে শুরুতে এগিয়ে ছিল রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে টুর্নামেন্টের মাঝপথে কুরাসাওকে ৭-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে সেই শীর্ষস্থান নিজেদের দখলে নেয় জার্মানি। কিন্তু ব্রাজিলও বেশিক্ষণ প্রতিদ্বন্দ্বীদের সামনে এগিয়ে থাকতে দেয়নি। হাইতির বিপক্ষে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে আবারও গোলের তালিকায় সবার ওপরে উঠে এসেছে সেলেসাওরা।
ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে হাইতির মুখোমুখি হয় ব্রাজিল। সেখানে দলের তারকা ফরোয়ার্ড ম্যাথিউস কুনহার জোড়া গোলে জয় তুলে নেয় সাম্বা শিবির। এই জয়ের সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিলের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৪১-এ। ফলে ২৩৯ গোল নিয়ে থাকা জার্মানিকে পেছনে ফেলে আবারও শীর্ষস্থান পুনর্দখল করেছে ভিনিসিয়ুস-কুনহাদের দল।
বিশ্বকাপের গোলের এই রোমাঞ্চকর প্রতিযোগিতায় ব্রাজিল ও জার্মানির মধ্যে যখন হাড্ডাহাড্ডি লড়াই চলছে, তখন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে কিছুটা পিছিয়ে। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে অধিনায়ক লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকের পরও আর্জেন্টিনার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৫৫। পরিসংখ্যান বলছে, তৃতীয় স্থানে থাকা আলবিসেলেস্তেদের সঙ্গে শীর্ষ দুই দলের ব্যবধান এতটাই বেশি যে চলতি আসরে সেই দূরত্ব ঘোচানো তাদের জন্য প্রায় অসম্ভব।
এ মুহূর্তে ব্রাজিল ও জার্মানির গোলের ব্যবধান মাত্র ২। ফলে টুর্নামেন্ট যতই শেষের দিকে গড়াবে, ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা দলের আসন ধরে রাখার লড়াইও ততই তীব্র হয়ে উঠবে। বিশ্ব ফুটবলের সমর্থকেরা এখন অপেক্ষায়—শেষ পর্যন্ত বিশ্বমঞ্চে গোলের রাজত্ব কার হাতেই বা থাকে।
এক নজরে বিশ্বকাপ ইতিহাসের শীর্ষ ১০ গোলদাতা দেশ
চলতি আসরের বর্তমান পরিসংখ্যান অনুযায়ী বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা ১০টি দেশ হলো—
১. ব্রাজিল — ২৪১
২. জার্মানি — ২৩৯
৩. আর্জেন্টিনা — ১৫৫
৪. ফ্রান্স — ১৩৯
৫. ইতালি — ১২৮
৬. স্পেন — ১০৮
৭. ইংল্যান্ড — ১০৮
৮. নেদারল্যান্ডস — ৯৮
৯. উরুগুয়ে — ৯০
১০. হাঙ্গেরি — ৮৭
সজল আহমেদ
মন্তব্য করুন: