আগামী ১৭ জুন মৌলভীবাজার আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী ১৭ জুন মৌলভীবাজার আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কামরান আহমদ, মৌলভীবাজার

০৮/০৬/২০২৬ ২২:১১:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আগামী ১৭ জুন বুধবার মৌলভীবাজারে এক ঐতিহাসিক সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধানের এই বহুল প্রতীক্ষিত আগমনকে কেন্দ্র করে শুধু রাজনগর উপজেলা নয়, গোটা মৌলভীবাজার জেলা জুড়েই এখন উৎসবের আমেজ ও ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলুন প্রধানমন্ত্রীর এই সফরের বিষয়টি প্রথম সিলেটকে নিশ্চিত করেছেন। সফর সফল করতে ইতিমধ্যে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।


সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনগরে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সেখানে তিনি মানুষের জীবনমান উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে গৃহীত জনকল্যাণমুখী ‘৩য় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ’ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই গুরুত্বপূর্ণ কর্মসূচি স্থানীয় সুবিধাভোগী পরিবারগুলোর জন্য নতুন আশার আলো হয়ে উঠবে।


প্রধানমন্ত্রীর এই সফরকে স্মরণীয় করে রাখতে এবং এই অঞ্চলের দীর্ঘদিনের অবহেলিত ও কাঙ্ক্ষিত উন্নয়নকে বাস্তবে রূপ দিতে স্থানীয় সর্বস্তরের জনগণ একটি ৯ দফা সংবলিত দাবিনামা প্রস্তুত করেছে, যা প্রধানমন্ত্রীর কাছে পেশ করা হবে। এর মধ্যে অন্যতম প্রধান গণদাবি হলো রাজনগর উপজেলায় আবাসিক গ্যাস লাইন বাস্তবায়ন করা। এ ছাড়া জেলা ও উপজেলার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক এবং মৌলভীবাজার-রাজনগর-কুলাউড়া-জুড়ী-বড়লেখা সড়কটি জরুরি ভিত্তিতে চার লেনে উন্নীতকরণের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে রাজনগর-বালাগঞ্জ সড়ক কমপক্ষে দুই লেনে উন্নীত করে কুশিয়ার নদীর ওপর একটি সেতু নির্মাণ এবং পুরো উপজেলাকে একটি মাস্টার প্ল্যানের আওতায় এনে সব গ্রামীণ রাস্তাঘাট পাকাকরণের দাবি রয়েছে এই তালিকায়।


শিক্ষার প্রসার, ক্রীড়া ও বিনোদনের বিকাশের জন্য পোর্টিয়াস উচ্চ বিদ্যালয়কে সরকারি ঘোষণা এবং নারী শিক্ষার উন্নয়নে মেহেরুন্নেসা সরকারি উচ্চ বিদ্যালয়কে পূর্ণাঙ্গ মহিলা কলেজে উন্নীতকরণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এর পাশাপাশি তরুণ ও যুবসমাজের শারীরিক-মানসিক বিকাশের জন্য রাজনগরে একটি মিনি স্টেডিয়াম এবং পর্যটন জেলা মৌলভীবাজারের আকর্ষণ আরও বাড়াতে রাজনগরে একটি আধুনিক পর্যটন স্পট বা বিনোদন কেন্দ্র নির্মাণের প্রস্তাব করা হয়েছে। কর্মসংস্থান সৃষ্টি ও প্রশাসনিক রূপান্তরের অংশ হিসেবে রাজনগরে বড় আকারের শিল্প কারখানা স্থাপন এবং আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা শতভাগ নিশ্চিত করতে দ্রুত রাজনগর পৌরসভা বাস্তবায়নের দাবি জানানো হয়েছে এই দাবিনামায়।


স্থানীয় সাধারণ মানুষের দৃঢ় বিশ্বাস, প্রধানমন্ত্রী তারেক রহমান এই অঞ্চলের মানুষের আবেগ ও ৯ দফা যৌক্তিক দাবি বিবেচনা করে রাজনগর তথা মৌলভীবাজারের অর্থনৈতিক চিত্র বদলে দিতে যুগান্তকারী ঘোষণা দেবেন। স্থানীয় আয়োজকদের পক্ষ থেকে আগামী ১৭ জুন বুধবার যথাসময়ে উপস্থিত থেকে এই ঐতিহাসিক অনুষ্ঠানকে সফল ও সার্থক করার জন্য সর্বস্তরের জনগণকে আন্তরিক আহ্বান জানানো হয়েছে।

কামরান আহমদ / তাহির আহমদ

মন্তব্য করুন: