সুনামগঞ্জে পুলিশের অপরাধ পর্যালোচনা ও পুরষ্কার বিতরণ

সুনামগঞ্জে পুলিশের অপরাধ পর্যালোচনা ও পুরষ্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৭/০৬/২০২৬ ১৬:২১:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে অত্যন্ত উৎসবমুখর ও ফলপ্রসূ পরিবেশে মাসিক কল্যাণ সভা এবং মে ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সদস্যদের পেশাগত সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার প্রত্যয়ে এই দ্বিমুখী কর্মসূচির আয়োজন করা হয়।

রবিবার (৭ জুন) সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার-এর সঞ্চালনায় সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা পুলিশ সদস্যরা তাদের নানাবিধ পেশাগত সমস্যা, লজিস্টিক প্রয়োজনীয়তা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন সুপারিশ সরাসরি পুলিশ সুপারের সামনে তুলে ধরেন।

​পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন সকল সদস্যের বক্তব্য অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন এবং মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা রাখতে কল্যাণমূলক সমস্যাগুলো দ্রুত ও কার্যকরভাবে সমাধানের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করেন। ​কল্যাণ সভা সমাপ্তির পর, বেলা সাড়ে ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মে ২০২৬ মাসের ‘অপরাধ পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়।

​উক্ত সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চাঞ্চল্যকর মামলাসমূহের তদন্তের অগ্রগতি এবং অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়। পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিশেষ করে মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বজায় রাখার জন্য নির্দেশ দেন।

​কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ সভায় মে মাসে বিশেষ সাফল্য অর্জনকারী অফিসারদের পুরস্কৃত করা হয়। জেলায় মাদকদ্রব্য উদ্ধার, চোরাচালান রোধ এবং সর্বোচ্চ পরোয়ানা (ওয়ারেন্ট) তামিলকারী চৌকস পুলিশ অফিসারদের হাতে সম্মাননা ও বিশেষ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম। এই উদ্যোগ অফিসারদের কর্মস্পৃহা আরও বাড়িয়ে দেবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। ​দিনব্যাপী অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভাগুলোতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মো: রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) শেখ মুরসালিন, সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) এস এম ফজলে রাব্বি রাজিব প্রমূখ।

এছাড়াও সভায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ, জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রীতম দাস/এআর

মন্তব্য করুন: