প্রধানমন্ত্রীর নির্দেশে সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তন কার্যক্রম শুরু
বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। শুক্রবার বিষয়টি বিএনপির মিডিয়া সেল থেকেও জানানো হয়।
মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর নির্দেশনার পর জেলা প্রশাসন ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে। নতুন নাম নির্ধারণে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য ও ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে পুনরায় গণশুনানির আয়োজন করা হবে।
জেলা প্রশাসনের সূত্র জানায়, গণশুনানির মাধ্যমে নতুন নাম চূড়ান্ত করা হলে তা প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সরকারি গেজেট আকারে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক পুনর্গঠন করা হয়। এর আওতায় শিবগঞ্জ উপজেলায় ‘মীরবাড়ি ইউনিয়ন’ এবং মোকামতলায় ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’ নামে নতুন ইউনিয়ন গঠন করা হয়।
সূত্র জানায়, ময়দানহাট্টা ইউনিয়ন ভেঙে ‘স্বর্ণগ্রাম’, সৈয়দপুর ইউনিয়ন ভেঙে ‘সীমান্ত’ এবং দেউলী ইউনিয়ন ভেঙে ‘দিগন্ত’ ইউনিয়ন গঠন করা হয়।
তবে নতুন নামকরণ নিয়ে শুরু থেকেই বিতর্ক রয়েছে। স্থানীয়দের অভিযোগ, কয়েকটি ইউনিয়নের নাম ব্যক্তিগত পারিবারিক নামের সঙ্গে সম্পর্কিত। বিষয়টি জাতীয় সংসদেও আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
এ বিষয়ে প্রতিমন্ত্রী শাহে আলম দাবি করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসন গণশুনানির মাধ্যমে নাম নির্ধারণ করেছে। তার মতে, ভৌগোলিক অবস্থান ও স্থানীয় বৈশিষ্ট্য বিবেচনায় নামগুলো রাখা হয়েছে।
অন্যদিকে, বিতর্ক চলমান থাকলেও গত বৃহস্পতিবার নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। প্রশাসনিক দায়িত্বে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা।
প্রশাসন জানিয়েছে, ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার স্বার্থে এসব প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
সজল আহমেদ
মন্তব্য করুন: