আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা: স্বরাষ্ট্রমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাত শিগগিরই বাংলাদেশে ফেরত দেবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২০ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদে বেনজীর আহমেদ-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপনের পরের দিনই তা সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে পাঠানো হয়েছে। এ বিষয়ে কূটনৈতিক ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে দেশটি দ্রুতই ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও জানান, আসন্ন ২৩ জুনকে কেন্দ্র করে নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠন অস্থিরতা সৃষ্টির চেষ্টা করতে পারে—এমন আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে।
পুলিশের কার্যক্রম প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাহিনীর সাফল্যের পাশাপাশি ব্যর্থতা প্রায়ই আলোচনায় এলেও তাদের অনেক ইতিবাচক কাজ আড়ালে থেকে যায়। দুষ্টের দমন ও শিষ্টের পালন নীতির অংশ হিসেবে সরকার পুরস্কার ও শাস্তি—দুই ধরনের ব্যবস্থাই কার্যকর করছে।
এদিন মোট ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে ট্রাফিক ব্যবস্থাপনায় জনভোগান্তি কমানো, বিকাশ দোকানিকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় আসামি গ্রেপ্তার, চট্টগ্রামের আনোয়ারায় মা–মেয়ে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং কক্সবাজারের চকরিয়ায় ডাকাতি ও গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারসহ একাধিক সফল অভিযান উল্লেখযোগ্য।
তিনি বলেন, ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের স্বীকৃতি ও উৎসাহ দেওয়া সরকারের অগ্রাধিকার। ৫ আগস্ট-পরবর্তী সময়ে পুলিশ বাহিনী আরও সক্রিয় ও আত্মবিশ্বাসী হয়েছে এবং নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর তা আরও দৃশ্যমান হয়েছে।
মোহাম্মদপুরের দীর্ঘদিনের অপরাধ পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, এলাকাটিকে পুরোপুরি অপরাধমুক্ত করা সময়সাপেক্ষ হলেও ধাপে ধাপে নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
সজল আহমেদ
মন্তব্য করুন: