‘গণ-গ্রেফতার ও হয়রানি বন্ধ না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে’

মৌলভীবাজার কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতার হুশিয়ারি

‘গণ-গ্রেফতার ও হয়রানি বন্ধ না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে’

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

১৫/১১/২০২৬ ১৯:১৭:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার জেলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গণ-গ্রেফতার এবং বাড়ি বাড়ি পুলিশি অভিযানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম চৌধুরী তুষার। অবিলম্বে এই দমন-পীড়ন ও হয়রানি বন্ধ না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে পুলিশ প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা আনিসুল ইসলাম চৌধুরী অভিযোগ করেন, ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত সৈয়দ শাহ্ মোস্তফা বাগদাদী (রহ.)-সহ অসংখ্য পীর-আউলিয়া ও দরবেশের স্মৃতিধন্য এই পুণ্যভূমিতে নিরীহ নেতাকর্মী ও সাধারণ মানুষকে সম্পূর্ণ অন্যায়ভাবে অবৈধ মামলা বা কোনো মামলা ছাড়াই নির্বিচারে গ্রেফতর করা হচ্ছে। এছাড়া প্রতিদিন নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী হয়রানি করছে বলেও দাবি করেন তিনি।

পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, "অবিলম্বে দমন-পীড়ন, গণ-গ্রেফতার ও হয়রানি বন্ধ করুন। মনে রাখবেন, অন্যায়েরও একটা সীমা আছে! সাধারণ মানুষ ও নেতাকর্মীদের পিঠ দেয়ালে ঠেকে গেলে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।"

মৌলভীবাজারের পুলিশ সদস্যদের ‘ভাই ও স্বজন’ হিসেবে সম্বোধন করে জেলার শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এই নেতা। একইসঙ্গে তিনি ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক প্রেক্ষাপট ও সহিংসতায় নিহত পুলিশ সদস্যদের হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দাবি করেন।

এদিকে জেলা জুড়ে নেতাকর্মীদের গণ-গ্রেফতার ও হয়রানির অভিযোগ এবং স্বেচ্ছাসেবক লীগ নেতার এই বক্তব্যের বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কামরান আহমদ/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad