এবার গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় ব্যাংকের ভেতরে থাকা বিভিন্ন নথিপত্রে আগুন দেওয়া হয়। খুলে ফেলা হয় শাখাটির নামফলকও।
রোববার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে একদল বিক্ষুব্ধ ব্যক্তি বিভিন্ন স্লোগান দিতে দিতে টুঙ্গিপাড়া শাখায় প্রবেশ করেন। তারা ব্যাংকের ভেতরের তালা ভেঙে ভাঙচুর চালান এবং নথিপত্রে আগুন ধরিয়ে দেন। এ হামলা ও অগ্নিসংযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়িত বলে জানা গেছে।
এর আগে, একই দিন টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ছাড়া টুঙ্গিপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জসিমের বাড়ি এবং পাটগাতি বাজারে বিএনপির কার্যালয়েও আগুন দেওয়া হয়।
একই দিন গোপালগঞ্জের বিভিন্ন স্থানে রাজনৈতিক উত্তেজনাকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের একাধিক ঘটনা ঘটেছে। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, রোববার বিকেলে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে উপজেলা সদরে মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় দায়িত্ব পালনকালে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীর ওপর হামলা চালানো হয়। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
তাহির আহমদ/ মীর্জা ইকবাল
মন্তব্য করুন: