অবশেষে সিলেটে সোমবারের পরিবহন কর্মবিরতি স্থগিত ঘোষণা
তিন দফা দাবিতে সিলেট জেলায় সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টা থেকে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন কর্মবিরতি (ধর্মঘট) স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।
রোববার (১৫ নভেম্বর) রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ডিসি-সিটিএসবি ও অতিরিক্ত দায়িত্বে থাকা ডিসি (সদর ও প্রশাসন) মোঃ আফজাল হোসেনের পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে, শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নগরীর দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টস্থ সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় সোমবার থেকে ধর্মঘট সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানানো হয়েছিল।
সংগঠনের (রেজি নং বি-১৪১৮) সভাপতি হাজী ময়নুল ইসলামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় ওই সভায় বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি সাহেব আলী, সহ-সাধারণ সম্পাদক মাহবুব মিয়া, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, প্রচার সম্পাদক হারিছ আলী, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ এবং সদস্য শেখ আজিজ, সাইফুল ইসলাম, শাহাব উদ্দিন ও শেখ ফরিদ। এছাড়া ইউনিয়নের আওতাধীন বিভিন্ন উপ-কমিটির নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ জানিয়েছিলেন, তিন দফা দাবি আদায়ে গত ৮ নভেম্বর প্রশাসনের সংশ্লিষ্ট সকল দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়েছিল। কার্যকর পদক্ষেপ না নেওয়ায় গত ১২ নভেম্বর পরিষদের সভায় ১৬ নভেম্বর ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়।
তাঁদের তিন দফা দাবির মধ্যে ছিল—১. কদমতলী টার্মিনালে দুই শ্রমিকের মৃত্যুর মামলা থেকে সভাপতি হাজী ময়নুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন ও কোষাধ্যক্ষ আব্দুস শহিদসহ শ্রমিক নেতাদের নাম প্রত্যাহার। ২. সিএনজিচালিত অটোরিকশা, ইমা-লেগুনা ও মাইক্রোবাসের জন্য নির্ধারিত পার্কিংয়ের জায়গা নিশ্চিত করা এবং ট্রাক-পিকআপের মালামাল ইজিবাইক ও টমটমে বহন বন্ধসহ নগরী থেকে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও টমটম প্রত্যাহার। ৩. সিএনজিচালিত অটোরিকশার ব্যাংক চালানের নম্বর প্রদান।
তবে রোববার রাতে সমন্বয় পরিষদের পক্ষ থেকে কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত আসায় সোমবার সকাল থেকে সিলেটে সব ধরনের গণপরিবহন চলাচল স্বাভাবিক থাকবে।
নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: