সিলেটে গ্রামীণ ব্যাংকে অগ্নিকাণ্ড: নাশকতা নাকি অন্য কোনো রহস্য?
সিলেট নগরীর শাহজালাল উপশহর অভিজাত এলাকা হিসেবে চিহ্নিত। যাকে দীর্ঘদিন ধরেই এ অঞ্চলের অন্যতম সুরক্ষিত ও অভিজাত আবাসিক এলাকা হিসেবে গণ্য করা হয়। এই উপশহরের এইচ ব্লকের ১ নম্বর রোডের ২৩২/১ নম্বর বাড়িটি গত রোববার (১৫ নভেম্বর) গভীর রাতে হঠাৎ করেই খবরের শিরোনাম হলো। গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনাটি প্রথম নজরে একটি চাঞ্চল্যকর নাশকতার মতো মনে হলেও, এর অন্দরমহলের বাস্তবতা ও স্থানীয় পারিপার্শ্বিকতা সম্পূর্ণ ভিন্ন এক গল্পের ইশারা দিচ্ছে।
ঘটনার শুরু কয়েক দিন আগের এক বাতাসে ভেসে বেড়ানো গুজবে। গত তিন-চার দিন ধরে মুখে মুখে প্রচার ছিল-এই ভবনটি নাকি পুড়িয়ে দেওয়া হবে। প্রশ্ন হলো, যে এলাকায় ব্লকভিত্তিক নিজস্ব নিরাপত্তা বলয় রয়েছে এবং যে ভবনের নিরাপত্তা নিয়ে স্থানীয়রা বরাবরই নিশ্চিত ছিলেন, সেখানে এমন সুনির্দিষ্ট গুজব ওঠার পরও ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তারা কি সময়মতো আইন-শৃঙ্খলা বাহিনীকে বিষয়টি লিখিত বা মৌখিকভাবে জানিয়েছিল? একজন পেশাদার সংবাদকর্মী হিসেবে খোঁজ নিয়ে এর কোনো সদুত্তর মেলেনি। যদি আগে থেকেই আশঙ্কা ছিল, তবে কেন গোড়ায় গলদ দূর করার কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হলো না?
দ্বিতীয়ত, যদি ধরে নেওয়া হয় যে নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের ক্যাডাররা এই নাশকতার পরিকল্পনা করেছিল, তবে তাদের প্রস্তুতি ও আঘাতের ধরন নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। নিরাপত্তাবেষ্টিত একটি আবাসিক এলাকার ভেতরে ঢুকে এমন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যদি তারা হামলা চালায়, তবে সেই আক্রমণের মাত্রা ও ক্ষয়ক্ষতির পরিমাণ কেবল 'লাখখানেক টাকায়' সীমাবদ্ধ থাকত না। গ্রামীণ ব্যাংকের প্রতি নির্দিষ্ট কোনো মহলের ঐতিহাসিক ক্ষোভ বা আক্রোশ নতুন কিছু নয়; কিন্তু সেই ক্ষোভের বহিঃপ্রকাশ যদি সত্যিই কোনো সংঘবদ্ধ নাশকতার মাধ্যমে ঘটত, তবে এই স্থাপনাটি আংশিক ধোঁয়া বা একটি গাড়ি পোড়ার চেয়ে অনেক বড় সর্বনাশের মুখোমুখি হতো। যে গ্যারেজে গাড়ি পোড়ানো হয়েছে এবং ভবনের যে অংশে আগুন দেওয়া হয়েছে, তা পুরো চিত্রটিকে একটি সুনিপুণ নাটকের মতো সন্দেহজনক করে তোলে।
তাহলে কি এটি নিছক নাশকতা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো অভ্যন্তরীণ কোন্দল, ব্যক্তিগত বিরোধ কিংবা ভিন্ন কোনো রহস্যের ঘেরাটোপ? গভীর রাতে পলিথিনে দাহ্য পদার্থ দিয়ে আগুন দেওয়ার যে বিবরণ মিলছে এবং ফায়ার সার্ভিস বা পুলিশ পৌঁছানোর আগেই পিয়নের নজরে আসা ও স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নিভে যাওয়ার ঘটনাটি সাধারণ মানুষের মনে এক বিশাল ধোঁয়াশার জন্ম দিয়েছে।
পুলিশ ও এসএমপি’র মিডিয়া উইং জানিয়েছে যে, ঘটনাটি নিছক নাশকতা নাকি অন্য কোনো রহস্য—তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রশ্ন কেবল পুলিশের তদন্তের গণ্ডিতে আটকে নেই; প্রশ্ন হলো ব্যাংকের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা এবং এই 'হালকা ক্ষয়ক্ষতির' আড়ালে অন্য কোনো অদৃশ্য চিত্র লুকানো আছে কি না। উপশহরের সুরক্ষিত ব্লকে এই ধরনের চাঞ্চল্যকর ঘটনা যদি পরিকল্পিত কোনো নাটক হয়ে থাকে, তবে তা উদ্ঘাটন করা সময়ের দাবি। অন্যথায়, নিরাপত্তা বলয়ের আড়ালে এ ধরনের মনগড়া রহস্য সাধারণ মানুষের মনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে ভীতি ও অনাস্থা তৈরি করবে।
তাহির আহমদ/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: