সিলেট বিভাগে ইতিহাস
মৌলভীবাজারে প্রথমবারের মতো সহস্র কণ্ঠে গীতা পারায়ণ
সিলেট বিভাগের মধ্যে এই প্রথমবার মৌলভীবাজারে অত্যন্ত ভাবগাম্ভীর্য, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক দুই দিনব্যাপী ‘সহস্র কণ্ঠে শ্রী গীতা পারায়ণ’ অনুষ্ঠান। গত ২৫ ও ২৬ কার্তিক ১৪৩৩ বাংলা (১২ ও ১৩ নভেম্বর ২০২৬ ইংরেজি) মৌলভীবাজার সদর উপজেলার সৈয়ারপুরস্থ শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম প্রাঙ্গণে বিশ্ব শান্তি ও মানব কল্যাণ কামনায় এই মহতী আয়োজন সম্পন্ন হয়।
বাংলাদেশ সনাতনী বৈদিক বিদ্যালয়, মৌলভীবাজার জেলা পরিচালনা পর্ষদের উদ্যোগে আয়োজিত এই বিশাল সমাবেশে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন সহস্রাধিক সনাতন ধর্মাবলম্বী ভক্ত, শিক্ষার্থী ও সাধু-সন্ন্যাসী।
অনুষ্ঠানসূচি অনুযায়ী, প্রথম দিন গত ১২ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে প্রতিমা আনয়ন, মঙ্গল ঘট স্থাপন, সন্ধ্যা আরতি এবং ভগবান দামোদরের উদ্দেশ্যে ১০৮টি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়. রাতে পার্থ সারথি ভগবান শ্রীকৃষ্ণ পূজার শুভ অধিবাস ও বৈদিক বিদ্যালয়ের সদস্যবৃন্দের পরিবেশনা অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় দিন ১৩ নভেম্বর শুক্রবার ভোরে মঙ্গল আরতি ও শঙ্খধ্বনির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়. সকালে পার্থ সারথি ভগবান শ্রীকৃষ্ণের পূজা-অর্চনা অনুষ্ঠিত হয়, যেখানে পৌরহিত্যে ছিলেন শ্রীকৃষ্ণ চক্রবর্তী ও অমিত চক্রবর্তী (মৌলভীবাজার)। এরপর শ্রী গীতা যজ্ঞ পরিচালনা করেন পূজ্যপাদ শ্রীযুক্ত নবজীবন গোস্বামী (মৌলভীবাজার) ও পূজ্যপাদ শ্রীযুক্ত শ্রীকান্ত গোস্বামী (শ্রীমঙ্গল)। সকালে বৈদিক বিদ্যালয়ের নারী সদস্যবৃন্দের পরিবেশনায় ভজন কীর্তন অনুষ্ঠিত হয়।
দিনের মূল আকর্ষণ হিসেবে সকাল ১০টায় অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত ‘সহস্র কণ্ঠে শ্রী গীতা পারায়ণ’. এই পর্বে পৌরহিত্যে ছিলেন পূজ্যপাদ শ্রীযুক্ত নিত্যগোপাল গোস্বামী (মৌলভীবাজার). সহস্রাধিক ভক্তের একযোগে পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতার শ্লোক উচ্চারণে মুখরিত হয়ে ওঠে পুরো সেবাশ্রম প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকা. ভক্তদের গীতাপাঠ, উলুধ্বনি এবং শঙ্খধ্বনিতে পুরো এলাকায় এক অনন্য আধ্যাত্মিক ও শান্তিদায়ক পরিবেশের সৃষ্টি হয়।
দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণের পর বিকেলে ‘গীতা আমাদের জীবনের জন্য কেন গুরুত্বপূর্ণ’ শীর্ষক বিশেষ গীতের আঙ্গিকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর বৈদিক অ্যাওয়ার্ড প্রদান, সন্ধ্যা আরতি ও প্রদীপ প্রজ্বলন করা হয়. সবশেষে অর্জুনবিষাদ থেকে গীতা জ্ঞানের অনন্য গাঁথা নিয়ে বৈদিক নৃত্যনাট্য ‘বিষাদ থেকে বোধোদয়’ মঞ্চস্থ হয়, যা পরিচালনা করেন বন্দনা দাস স্বর্ণা ও নটরাজ নৃত্যশ্রম, মৌলভীবাজার. রাত সাড়ে আটটায় হরিনাম সংকীর্তনের মাধ্যমে এই বর্ণাঢ্য ও ঐতিহাসিক দুই দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।
কামরান আহমদ/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: