সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের ডাক
সাম্রাজ্যবাদী আগ্রাসন ও বন্দর ইজারার বিরুদ্ধে সোচ্চার সুনামগঞ্জ
মানবিক করিডোরের প্রস্তাব, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে ইজারা প্রদান এবং বিভিন্ন সামরিক চুক্তির তীব্র বিরোধিতা করে জাতীয় স্বার্থ ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষার দাবি জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)। সংগঠনের নেতাদের মতে, এসব পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশকে বৃহৎ শক্তিগুলোর আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্ব ও ভূরাজনৈতিক সংঘাতে জড়িয়ে ফেলার আশঙ্কা তৈরি হয়েছে। তাই অবিলম্বে জাতীয় স্বার্থবিরোধী সকল চুক্তি ও প্রস্তাব বাতিলের আহ্বান জানান তাঁরা।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জের শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এনডিএফ জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ‘মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা প্রদান, এনডিএসহ বিভিন্ন সামরিক ও প্রতিরক্ষা চুক্তি এবং বিদেশি সামরিক উপস্থিতির প্রশ্নে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় করণীয়’ শীর্ষক এই সেমিনারে দেশের বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি, সাম্রাজ্যবাদী শক্তিগুলোর প্রতিযোগিতা এবং স্বাধীন পররাষ্ট্রনীতির গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সেমিনারের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনডিএফ সুনামগঞ্জ জেলা কমিটির সহসভাপতি সৌরভ ভূষণ দেব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কমিটির আরেক সহসভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু।
সেমিনারে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি এবং ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্যামল কুমার ভৌমিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান কবির, এনডিএফ সিলেট জেলা কমিটির সহসভাপতি অধ্যাপক আবুল ফজল এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ধূর্জূটি কুমার বসু।
এ ছাড়া আলোচনায় অংশ নেন জাতীয় মুক্তি কাউন্সিলের সুনামগঞ্জ জেলা শাখার নেতা সত্যজিত আচার্য্য চন্দন, সমাজসেবী মোরশেদ আলম, জগন্নাথপুরের শাহজালাল মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল কবির, অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক ও প্রকাশক বিজন সেন, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক ও প্রকাশক এবং সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, কবি ও লেখক ইকবাল কাগজী, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সহসভাপতি সুখেন্দু সেন, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি নিরঞ্জন তালুকদার এবং জাতীয় ছাত্র দলের সিলেট জেলা কমিটির আহ্বায়ক শুভ আহমেদ শান্ত।
বক্তারা বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ, রাশিয়া-ইউক্রেন সংঘাত এবং দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের সামরিক উত্তেজনা বিশ্ব পরিস্থিতিকে ক্রমেই অস্থিতিশীল করে তুলছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং বঙ্গোপসাগরীয় অঞ্চলের কৌশলগত গুরুত্ব বেড়ে যাওয়ায় বাংলাদেশও এখন বৃহৎ শক্তিগুলোর আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভূখণ্ডে পরিণত হয়েছে। এ অবস্থায় দেশের বন্দর, সমুদ্রসীমা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালসহ গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার উদ্যোগে গভীর উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থকে উপেক্ষা করে কোনো বিদেশি শক্তির সঙ্গে সামরিক বা বন্দর ব্যবস্থাপনাসংক্রান্ত চুক্তি করা উচিত নয়।
বক্তারা আরও উল্লেখ করেন, সাম্রাজ্যবাদী আগ্রাসন মোকাবিলা এবং সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামকে শ্রমজীবী মানুষের মুক্তির আন্দোলন থেকে আলাদা করার সুযোগ নেই। শ্রমিক, কৃষক, ছাত্র, বুদ্ধিজীবী ও দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ করে সাম্রাজ্যবাদবিরোধী গণআন্দোলন জোরদার করার আহ্বান জানান তাঁরা।
সমাপনী বক্তব্যে সেমিনারের সভাপতি দেশের স্বাধীনতা ও জনগণের স্বার্থবিরোধী যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে সব প্রগতিশীল ও শান্তিকামী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: