নতুন সড়ক ও সেতু নির্মাণের পরিকল্পনা
দোয়ারাবাজারের সুরমা ইউনিয়ন পরিদর্শনে এমপি কলিম উদ্দিন মিলন
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের নুরপুর, নন্দিগ্রাম ও সোনাপুর এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘবে ভুজনা থেকে নুরপুর-নন্দিগ্রাম পর্যন্ত নতুন সড়ক ও সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। এ পরিকল্পনার সম্ভাব্যতা যাচাই করতে প্রস্তাবিত সড়কের স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দীন আহমেদ মিলন।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে তিনি প্রস্তাবিত সড়কের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। এ সময় সড়ক নির্মাণের উপযোগিতা, এলাকার ভৌগোলিক পরিস্থিতি এবং স্থানীয় মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।
স্থানীয়দের দাবি, ভুজনা থেকে নুরপুর-নন্দিগ্রাম পর্যন্ত নতুন সড়ক ও সেতু নির্মাণ করা হলে নুরপুর, নন্দিগ্রাম ও সোনাপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। বিশেষ করে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে দূরত্ব, সময় ও ভোগান্তি কমবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত এবং সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল আরও সহজ হবে।
এলাকাবাসীর প্রত্যাশা, প্রস্তাবিত সড়ক ও সেতু নির্মাণের পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলে দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার অবসান ঘটবে।
এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং সুরমা ইউনিয়ন পরিষদের হারুন অর রশিদসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মাসুদ রানা সোহাগ / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: