‘সব ফাঁস করে দেবো’ রাশেদকে নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বৃহস্পতিবার (৩০ জুলাই) তাকে দুবার ফোন করেছিলেন। ফোনালাপে নাসীরুদ্দীন তার বিরুদ্ধে বক্তব্য না দেওয়ার অনুরোধ করেন এবং পরে বিভিন্ন অভিযোগ তুলে ‘সব ফাঁস করে দেবো’ বলেও হুমকি দেন বলে দাবি করেন তিনি।
শুক্রবার (৩১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে রাশেদ খাঁন এসব তথ্য জানান।
স্ট্যাটাসে তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে নাসীরুদ্দীন পাটওয়ারী তাকে ফোন করে অনুরোধ করেন, তিনি যেন তার বিরুদ্ধে আর কোনো মন্তব্য না করেন। বিনিময়ে নাসীরুদ্দীনও তার বিরুদ্ধে কিছু বলবেন না বলে জানান। জবাবে রাশেদ খাঁন বলেন, প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী, কন্যা ও মন্ত্রীদের নিয়ে নাসীরুদ্দীন আপত্তিকর মন্তব্য করা বন্ধ করলে বিষয়টি বিবেচনা করবেন। তখন নাসীরুদ্দীন জানান, তিনি এ বিষয়ে গণমাধ্যমে কথা বলেছেন এবং ভবিষ্যতে এমন মন্তব্য করবেন না।
রাশেদ খাঁনের দাবি, একই দিন রাতে নাসীরুদ্দীন আবার ফোন করে বলেন, ‘আপনি তো আমার বিরুদ্ধে বলেছেন। আমি কিন্তু সব বলে দেবো। আমাদের (নাহিদ-আসিফ) কাছে এসে আপনি ৫ লাখ করে টাকা নিয়ে যেতেন। আমি সব ফাঁস করে দেবো।’
এ সময় তিনি নাসীরুদ্দীনকে জবাবে বলেন, ‘যা আছে, সব ফাঁস করে দাও।’ এরপর নাসীরুদ্দীন অভিযোগ করেন, তিনি ফ্ল্যাট কিনেছেন এবং এ-সংক্রান্ত সব নথি তার কাছে রয়েছে। এসব থেকে বাঁচতেই তিনি বিএনপিতে গিয়েছেন বলেও দাবি করেন।
রাশেদ খাঁন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তার কোনো ফ্ল্যাট নেই এবং নাহিদ বা আসিফের কাছ থেকে কোনোদিন এক টাকাও নেননি। নাসীরুদ্দীনের কাছে তার সম্পর্কে যেসব তথ্য রয়েছে, সেগুলো প্রকাশ করারও আহ্বান জানান তিনি।
স্ট্যাটাসের শেষদিকে রাশেদ খাঁন লেখেন, প্রথম ফোন পাওয়ার পর তিনি ভেবেছিলেন, নাসীরুদ্দীন হয়তো নিজের ভুল বুঝতে পেরেছেন এবং তাকে একটি সুযোগ দেওয়া উচিত। তবে পরদিনই নাসীরুদ্দীন আবারও তার বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য শুরু করেছেন বলে দাবি করেন তিনি।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: