১ম কেন্দ্রীয় সম্মেলন: গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ফাহিম,সম্পাদক সুজয়
‘শিক্ষার পণ্যায়ন নয়, পুঁজির দাসত্ব নয়, চাই আপসহীন শ্রেণিসংগ্রাম’—এই আহ্বানে নানা কর্মসূচির মধ্য দিয়ে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের ১ম জাতীয় সম্মেলন এবং দ্বিতীয় পরিষদের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি পরিচিতি অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে ফাহিম আহমদ চৌধুরীকে সভাপতি এবং সুজয় বিশ্বাস শুভকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।
সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন পাটকল আন্দোলনের প্রবীণ শ্রমিকনেতা আলমগীর হোসেন। উদ্বোধনী সমাবেশ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ৩টায় মূল ছাত্র সমাবেশ ও কমিটি পরিচিতি পর্বে মিলিত হয়।
সংগঠনটির বিদায়ী সভাপতি ছায়েদুল হক নিশানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ও আলোচনা বক্তা হিসেবে বক্তব্য দেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ, সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাংবাদিক মানজুর আল মতিন, ভারতীয় সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট অর্ক ভাদুড়ী, 'শ্রেণিসংগ্রামের পথে'-এর প্রতিনিধি সত্যজিৎ বিশ্বাস এবং গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের বিদায়ী সহ-সভাপতি এ্যানি চৌধুরী।
সমাবেশে অর্ক ভাদুড়ী বলেন, “গোটা পৃথিবী এক নতুন রাজনৈতিক সন্ধিক্ষণে প্রবেশ করেছে। ছাত্র রাজনীতিকে আজ শ্রমজীবী মানুষের কাছে যেতে হবে; কারণ শ্রমিক শ্রেণির নেতৃত্বেই তরুণরা তাদের সঠিক পথ খুঁজে পাবে। দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ হবে সমাজতন্ত্র।”
আইনজীবী মানজুর আল মতিন বলেন, “বামপন্থা মানেই নাস্তিকতা—এই ভুল ধারণা ভাঙার সময় এসেছে। সমাজে যে বিভাজন ও ঘৃণার পরিবেশ তৈরি হচ্ছে, তা থেকে বেরিয়ে এসে ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বজনীন সম্প্রীতির পরিবেশ গড়ে তোলাই এই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত।”
বিদায়ী সহ-সভাপতি এ্যানি চৌধুরী শিক্ষার গুণগত মান ও বাজেট প্রসঙ্গে বলেন, “সরকার পরিবর্তন হলেও শিক্ষার সার্বিক মানের উন্নয়ন ঘটে না। বাজেটে শিক্ষায় পর্যাপ্ত বরাদ্দ নেই, শিক্ষকের মর্যাদা আজ উপেক্ষিত। শ্রমজীবী মানুষের সন্তানরা এখনো মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত।”
সত্যজিৎ বিশ্বাস তাঁর বক্তব্যে দেশীয় শিল্প ও জাতীয় সম্পদ রক্ষার তাগিদ দিয়ে আন্তর্জাতিক ও বেসরকারি কোম্পানির কাছে বন্দর ও সম্পদ হস্তান্তরের সিদ্ধান্তের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
সমাবেশের শেষপর্যায়ে বিদায়ী সভাপতি ছায়েদুল হক নিশান গত ১০-১২ সেপ্টেম্বরে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী ১৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেন। ঘোষিত কমিটির পদাধিকারীরা হলেন: সভাপতি: ফাহিম আহমদ চৌধুরী,সহ-সভাপতি: তানজিনা বেগম,সাধারণ সম্পাদক: সুজয় বিশ্বাস শুভ.সাংগঠনিক সম্পাদক: স্কাইয়া ইসলাম,অর্থ সম্পাদক: রাকিব মাহমুদ,দপ্তর সম্পাদক: ধ্রুব বড়ুয়া,প্রচার ও প্রকাশনা সম্পাদক: তাহমিদ হোসাইন.স্কুল বিষয়ক সম্পাদক: আয়েশা আক্তার,সংস্কৃতি বিষয়ক সম্পাদক: ভূমিকা সরকার
কার্যনির্বাহী সদস্য: শ্রীকান্ত বিশ্বাস, বিপুল কর্মকার ও শোয়েবুর রেজা চৌধুরী। (একটি সদস্যপদ কো-অপ্ট করার জন্য শূন্য রাখা হয়েছে)।
নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: