দোয়ারাবাজারে স্বপ্ন সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে তরুণদের সংবর্ধনা
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের নুরপুরে স্বপ্ন সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সমাপনী ও সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়। শনিবার (২৪ অক্টোবর) দুপুর ০২:৩০ ঘটিকায় নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা শামসুন্নূর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জায়েদ হাসান,বিএসএস (অর্নাস),রাষ্ট্রবিজ্ঞান বিভাগ,সুনামগঞ্জ সরকারি কলেজ।
অনুষ্ঠানে চাকরিজীবী, প্রাক্তন ও বর্তমান স্নাতক ও ডিগ্রিধারী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় মোট ২২ জনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
‘মানবতার পক্ষে, উন্নয়নের লক্ষ্যে’—এই স্লোগানকে সামনে রেখে পরিচালিত স্বপ্ন সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার এ আয়োজনে শিক্ষার্থীদের উৎসাহিত করা, উচ্চশিক্ষায় অনুপ্রেরণা জোগানো এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে আর্থিক সহযোগিতা করেন ওমানপ্রবাসী মোঃ খালেদ মিয়া,নূরপুর (মোল্লাবাড়ি)। এ সময় উপস্থিত ছিলেন নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মশিউর রহমান স্যার, সুরমা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রউফ, সচেতন ও শিক্ষিত নাগরিক শাহ জামাল, মাওলানা আনোয়ারুল হক ও মাওলানা আব্দুল জব্বার।
এ ছাড়াও অনুষ্ঠানে এলাকার আলেম সমাজের প্রতিনিধিবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক, সচেতন মহল, প্রবীণ মুরব্বি এবং স্বপ্ন সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে, সমাজকল্যাণমূলক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ স্বপ্ন সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার মহৎ উদ্যোগ ও জনকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে মঈনুল ইসলাম।
তিনি তাঁর শুভেচ্ছা বার্তায় সংস্থাটির মহৎ উদ্যোগ ও জনকল্যাণমূলক কার্যক্রমকে সমাজের অগ্রযাত্রায় অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি ভবিষ্যতেও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মাসুদ রানা সোহাগ / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: