জৈন্তাপুরে ফেরিওয়ালা নজরুল ইসলামের মরদেহ উদ্ধার
সিলেটের জৈন্তাপুরে মো. নজরুল ইসলাম (৪২) নামে এক ফেরিওয়ালার মরদেহ উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। রবিবার (২৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজ-সংলগ্ন এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। পরে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত মো. নজরুল ইসলাম কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার পাটুলী এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম আব্দুল হান্নান এবং মাতার নাম পারুল আক্তার।
পুলিশ সূত্রে জানা যায়, মরদেহের পাশে স্যান্ডেলভর্তি একটি ঝুড়ি পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ফেরি করে স্যান্ডেল বিক্রি করতেন। ফেরি করে চলার সময় হঠাৎ অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, জাতীয় পরিচয়পত্রের তথ্যের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। ইতিমধ্যে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা মরদেহ গ্রহণের জন্য সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন।
তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) উৎসব কর্মকার মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
সাইফুল ইসলাম বাবু / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: