দোয়ারাবাজারে পঞ্চায়েতি কবরস্থানের রাস্তা বন্ধ করে দিল প্রভাবশালীরা

এলাকাবাসীর ক্ষোভ

দোয়ারাবাজারে পঞ্চায়েতি কবরস্থানের রাস্তা বন্ধ করে দিল প্রভাবশালীরা

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

২৯/১০/২০২৬ ০১:২৮:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দ্বীনেরটুক গ্রামে পঞ্চায়েতি কবরস্থানের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। রাস্তার ওপর কাটা গাছের বেড়া দিয়ে চলাচলের পথ সম্পূর্ণ অবরুদ্ধ করে দেওয়ায় বর্তমানে কবরস্থানের চলমান সংস্কার ও নির্মাণকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্বীনেরটুক গ্রামের একমাত্র পঞ্চায়েতি এই কবরস্থানটি এলাকার মানুষের কাছে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। কিন্তু একটি পক্ষ যাতায়াতের রাস্তাটি বন্ধ করে দেওয়ায় সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল এবং কবরস্থানে মৃতদেহ দাফন নিয়ে চরম অনিশ্চয়তা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিশেষ করে মরদেহ দাফন ও জানাজাসংক্রান্ত কার্যক্রমে এ ধরনের প্রতিবন্ধকতা অব্যাহত থাকলে এলাকাবাসীকে বড় ধরনের মানবিক দুর্ভোগ পোহাতে হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

গ্রামবাসীর অভিযোগ, একই গ্রামের মৃত তারিফ আলীর বড় ছেলে মো. সোলেমান আহমদ এবং ছোট ছেলে সুলতান আহমদসহ তাদের পরিবারের লোকজন কবরস্থানের রাস্তা বন্ধ করে দিয়েছেন এবং এর নির্মাণকাজে সরাসরি বাধা দিচ্ছেন। এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। এমনকি সরেজমিন পরিদর্শনে গেলে ছোট ভাই সুলতান আহমদের বক্তব্য নেওয়াও সম্ভব হয়নি।

কবরস্থানের মতো একটি সংবেদনশীল ও জনগুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতের পথ বন্ধ করার ঘটনায় এলাকার সাধারণ মানুষ ও যুবকদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। দ্রুত এই সমস্যার সমাধান না হলে স্থানীয় পর্যায়ে বড় ধরনের সামাজিক সংঘর্ষের আশঙ্কা করছেন সচেতন মহল।

ঘটনার বিষয়ে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করে এলাকাবাসী ও গ্রামবাসী জানিয়েছেন, সংশ্লিষ্ট প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। পাশাপাশি কবরস্থানের যাতায়াতের পথটি উন্মুক্ত করে নির্মাণকাজ নির্বিঘ্ন করার জোর দাবি জানিয়েছেন তারা।

এ সময় প্রতিবাদ সমাবেশে ও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নরসিংপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য (মেম্বার) মো. ইশ্রাইল আলী, সিরাজুল ইসলাম, লিয়াকত আলী, ফয়াজ আলী, আখল মিয়া, বোরহান উদ্দিন, নারাজ আলী, রব্বানী মিয়া, সিরাজ উদ্দিন, আবুল হোসেন (১), আবুল হোসেন (২), মো. উলই মিয়া, আওলাদ হোসেন, রজব আলী, তাজির, নুর উদ্দিন, রবিজ আহমদ, কয়েছ আলী, হাসনাত আহমদ, সাইদুর রহমান, আক্তার হোসেন, আলী হোসেন (১), আলী হোসেন (২), নুর আহমদ, রেদোয়ান আহমদ, মো. জমির হোসেন, সুরুজ আলী, মসব্বীর আহমদ, মফজ্জিল আহমদ, রাসেল আহমেদ, রাকিব বিল্লাহ, চমক আলী, ইয়াকুব আলীসহ এলাকার গণ্যমান্য মুরব্বি ও যুবসমাজ।

মাসুদ রানা সোহাগ / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad