জৈন্তাপুরে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টার অভিযোগে আসামি গ্রেপ্তার

জৈন্তাপুরে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টার অভিযোগে আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

২৮/১০/২০২৬ ১৪:২৯:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুরে দুই নারীকে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের চেষ্টার অভিযোগে মামলার প্রধান আসামি মো. রামিম আহমদকে (২৩) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ (এসআরবি-৯)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রামিম আহমদ জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকার কলিম উল্লাহর ছেলে।

বুধবার (২৮ অক্টোবর) এসআরবি-৯ সদর দপ্তর, সিলেট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ অক্টোবর নড়াইলের সদর থানাধীন বাহিরগ্রাম এলাকার বাসিন্দা সাগরিকা বেগম (৩৯) সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার শরিফ জিয়ারত করতে আসেন। সেখানে নাছরিন বেগম নামে আরেক নারীর সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁরা একসঙ্গে জাফলং ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেন।

এ সময় মাজার শরিফের সামনের সড়কে জাফলং যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন তাঁরা। তখন রামিম আহমদ ৪০০ টাকা ভাড়ায় মাইক্রোবাসে করে তাঁদের জাফলং পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে তোলেন। গাড়িতে ওঠার পর তিনি তাঁদের ভারতে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখান। তাঁরা রাজি না হলে তাঁদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে তাঁদের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ডিবির হাওর এলাকার শাপলা বিলে নিয়ে যাওয়া হয়। সেখানে হানিফ মিয়া ও অজ্ঞাতনামা আরও ৭-৮ জনের সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেওয়া হয়। পরে উপস্থিত ব্যক্তিরাও তাঁদের ভারতে পাঠানোর জন্য বিভিন্ন ধরনের প্রলোভন দেখান বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিবাদীদের কথাবার্তা ও আচরণে তাঁদের অসৎ উদ্দেশ্য বুঝতে পেরে এবং পাচারের আশঙ্কায় দুই নারী কৌশলে সেখান থেকে পালিয়ে আসেন। এ ঘটনায় সাগরিকা বেগম জৈন্তাপুর মডেল থানায় মামলা করেন।

মামলার পর আসামিদের গ্রেপ্তারে ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে এসআরবি-৯। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি রামিম আহমদকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রামিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংস্থাটির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

সাইফুল ইসলাম বাবু / রত্না বাউরি/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad