গাকপো-ব্রোবের ঝড়ে সুইডেনের বিপক্ষে ডাচদের দাপুটে জয়
রায়ান ব্রোবে ও কোডি গাকপোর জোড়া গোলের ঝলকে সুইডেনকে উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডস। যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৫-১ গোলের বড় জয় তুলে নেয় ডাচরা, যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ছিল তাদের দখলে।
ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক নেদারল্যান্ডসকে চাপে ফেলে দেয় ব্রোবে। মাত্র ৫ মিনিটে কোডি গাকপোর নিখুঁত পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এরপর ১৭ মিনিটে ডামফ্রিসের বাড়ানো বল কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন এই তরুণ ফরোয়ার্ড।
প্রথমার্ধে আরও একটি গোলের সুযোগ তৈরি হলেও অফসাইডের কারণে সুইডেনের একটি গোল বাতিল হয়। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় নেদারল্যান্ডস।
দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর রূপে ফিরে আসে ডাচরা। ৪৭ মিনিটে ডামফ্রিসের পাস থেকে গোল করে ব্যবধান বাড়ান কোডি গাকপো। এরপর ৫৪ মিনিটে দুর্দান্ত এক শটে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন তিনি।
চার গোল হজমের পর ৫৯ মিনিটে পাল্টা আক্রমণ থেকে একটি গোল শোধ দেয় সুইডেন, গোলটি করেন অ্যান্তনি এলেঙ্গা। তবে শেষ পর্যন্ত ম্যাচে ফেরার কোনো সুযোগই পায়নি তারা। ৮৯ মিনিটে সামারভিলের গোলে ব্যবধান ৫-১ করেন নেদারল্যান্ডস।
এই জয়ে নকআউটের দৌড়ে নিজেদের অবস্থান আরও শক্ত করল নেদারল্যান্ডস। তাদের পরবর্তী ম্যাচ তিউনিশিয়ার বিপক্ষে, ২৫ জুন।
সজল আহমেদ
মন্তব্য করুন: