রাজনৈতিক লক্ষ্য অর্জনে আধুনিক মিডিয়ার বিকল্প নেই: মামুনুল হক
ইসলামপন্থিদের রাজনৈতিক ও আদর্শিক বিজয় নিশ্চিত করতে শক্তিশালী ও দক্ষ মিডিয়া কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
শনিবার রাজধানীর পল্টনের দারুল খিলাফাহ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মিডিয়া সেল আয়োজিত ‘মজলিস মিডিয়া নেটওয়ার্ক (এমএমএন) ওরিয়েন্টেশন কর্মশালা’র উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মাওলানা মামুনুল হক বলেন, বর্তমান যুগে জনমত গঠন, চিন্তা নির্মাণ এবং রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠায় গণমাধ্যমই সবচেয়ে শক্তিশালী মাধ্যম। তাই ইসলামের পক্ষে কার্যকর ভূমিকা রাখতে আধুনিক মিডিয়ার ভাষা, কৌশল ও প্রযুক্তিতে দক্ষ জনশক্তি তৈরি করা অপরিহার্য।
তিনি আরও বলেন, আদর্শিক সংগ্রামের অন্যতম প্রধান ক্ষেত্র এখন গণমাধ্যম। যে শক্তি মিডিয়াকে দক্ষতার সঙ্গে ব্যবহার করতে পারবে, তারাই সমাজে নিজেদের চিন্তা ও কর্মসূচি কার্যকরভাবে মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হবে।
কর্মশালার সমাপনী অধিবেশনে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ বলেন, সংগঠনের আদর্শ ও কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল মিডিয়া টিম গড়ে তোলা সময়ের দাবি।
অনুষ্ঠানে লেখক ও গবেষক মাওলানা মুসা আল হাফিজ, দৈনিক সময়ের আলো–এর মাল্টিমিডিয়া হেড সাইদ রহমানসহ গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ বক্তব্য দেন। তারা তথ্য যাচাই, ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার, সংবাদ উপস্থাপনা এবং কনটেন্ট নির্মাণ কৌশল নিয়ে আলোচনা করেন।
কর্মশালায় সংবাদ সংগ্রহ, রচনা, ভিডিও-ছবি প্রোডাকশন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনা এবং তথ্য যাচাইসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সজল আহমেদ
মন্তব্য করুন: