সালমান শাহ হত্যা মামলায় দ্রুত গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং ন্যায়বিচারের দাবিতে রাজধানীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে “সকল জেলার সালমান শাহ ভক্তবৃন্দ”-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা ভক্তরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও জনপ্রিয় এই নায়কের মৃত্যুর প্রকৃত রহস্য এখনো উদঘাটিত হয়নি। একই সঙ্গে মামলার বিচার প্রক্রিয়ায় অগ্রগতি না থাকায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা দ্রুত সময়ের মধ্যে মামলার সব আসামিকে গ্রেপ্তার করে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের দাবি জানান।
বক্তাদের মতে, সালমান শাহ ছিলেন ঢালিউডের এক অনন্য প্রতিভা ও উজ্জ্বল নক্ষত্র। তার অকাল মৃত্যু বাংলা চলচ্চিত্রের ভক্তদের হৃদয়ে এখনো গভীর শূন্যতা সৃষ্টি করে রেখেছে।
কর্মসূচি চলাকালে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দেন এবং ন্যায়বিচারের দাবি জানান। শান্তিপূর্ণভাবে মানববন্ধন শেষ হয়। পরে আয়োজকরা একই দাবিতে ভবিষ্যতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
সজল আহমেদ
মন্তব্য করুন: