বিচার বিভাগের বাজেট বৃদ্ধির দাবি,

আইনমন্ত্রী ও প্রধান বিচারপতি

বিচার বিভাগের বাজেট বৃদ্ধির দাবি,

প্রথম ডেস্ক

২১/০৬/২০২৬ ০৩:২০:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিচার বিভাগের বাজেট বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং বিচারকদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করার দাবি জোরালোভাবে উঠে এসেছে ঢাকা বিভাগের বিচারকদের পক্ষ থেকে। একই সঙ্গে এ দাবির প্রতি সমর্থন জানিয়েছেন আইনমন্ত্রী ও প্রধান বিচারপতি।

সুপ্রিম কোর্টের জাজেজ স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে শনিবার ঢাকা বিভাগের বিভিন্ন আদালতের জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা এ দাবি তুলে ধরেন। তারা আদালতের অবকাঠামো সংকট, নিরাপত্তাহীনতা, ডিজিটাল ব্যবস্থার সীমাবদ্ধতা এবং লজিস্টিক সহায়তার ঘাটতি নিরসনেরও আহ্বান জানান।

বিচার বিভাগের পক্ষ থেকে এ দাবি প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বলেন, বিচার বিভাগের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, ডিজিটাইজেশন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিচার ব্যবস্থাকে আরও কার্যকর করার উদ্যোগ চলমান রয়েছে। তিনি বিচারকদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রেখে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়ন এবং বিচারকদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিচার বিভাগের বাজেট বৃদ্ধির প্রয়োজনীয়তাও তুলে ধরেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিচারকরা এজলাস, খাসকামরা, রেকর্ডরুম, মালখানা ও আবাসন সংকট নিরসন, আদালতের নিরাপত্তা জোরদার, ডিজিটালাইজেশন এবং প্রয়োজনীয় সহায়তা বৃদ্ধির দাবি জানান।

উল্লেখ্য, ২০২৬-২৭ অর্থবছরে আইন ও বিচার বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২ হাজার ১৮৭ কোটি টাকা। একই সময়ে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জন্য বরাদ্দ ৩৪৭ কোটি এবং সুপ্রিম কোর্টের জন্য বরাদ্দ ২৯১ কোটি টাকা। বিচার বিভাগ সংশ্লিষ্টরা বলছেন, দেশের বিচার ব্যবস্থার কেন্দ্রবিন্দু হওয়া সত্ত্বেও তুলনামূলক কম বাজেট বরাদ্দ রাষ্ট্রের অগ্রাধিকার নিয়ে প্রশ্ন তুলছে।

সজল আহমেদ

মন্তব্য করুন: