দিরাইয়ে মাদ্রাসার সরকারি বই ভাঙারি দোকানে বিক্রি: দপ্তরি আটক
সুনামগঞ্জের দিরাই পৌর শহরের হাজি মাহমুদ মিয়া আলিম মাদ্রাসার ২০২৪ শিক্ষাবর্ষের প্রায় ৩০০ কেজি সরকারি পাঠ্যবই ভাঙারি দোকানে কেজি দরে বিক্রি করার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার বিকেলে এই বইগুলো পাচারের সময় মাদ্রাসার দপ্তরি শহীদুল ইসলামকে হাতেহাতে আটক করেছেন স্থানীয় জনতা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসা থেকে ভ্যানগাড়ি ভর্তি করে প্রায় চার বস্তা বই নিয়ে বাগবাড়ি গ্রামের ভাঙারি ব্যবসায়ী রফিকুল মিয়ার দোকানে বিক্রির উদ্দেশ্যে যাওয়ার সময় স্থানীয় যুবকরা শহীদুলকে আটকে দেন। ঘটনা জানাজানি হলে অভিযুক্ত দপ্তরি বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় যুবকদের অর্থের বিনিময়ে প্রভাবিত করার চেষ্টা করে ব্যর্থ হন। পরে যুবকরা ভাঙারি দোকান থেকে বিক্রিত বইগুলো উদ্ধার করেন, যা বর্তমান শিক্ষাবর্ষের বই বলে নিশ্চিত হওয়া গেছে।
মাদ্রাসার সুপার আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দপ্তরি কর্তৃক বই বিক্রির বিষয়টি পরিচালনা কমিটিকে অবহিত করা হয়েছে এবং এ বিষয়ে দ্রুত জরুরি সভা আহ্বান করা হয়েছে।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং সরকারি সম্পদ আত্মসাতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ রহমান
মন্তব্য করুন: