ছাতকে নিজের ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে কৃষকের মৃত্যু
সুনামগঞ্জের ছাতকে নিজ বসতঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরশ আলী (৫৫) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের দক্ষিণ বড়কাপন গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আরশ আলী ওই গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে নিজের ঘরের বৈদ্যুতিক লাইনে ত্রুটি দেখা দিলে কোনো পেশাদার মিস্ত্রি না পেয়ে নিজেই তা মেরামতের চেষ্টা করেন আরশ আলী। এ কাজে পূর্ব অভিজ্ঞতা না থাকায় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে দ্রুত কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হযরত আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় স্থানীয় ইউপি সদস্য আবদুন নুরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হযরত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় যথাযথ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: