সুনামগঞ্জের মনাই নদী এখন মরা খাল

১৬ হাজার মানুষের হাহাকার

সুনামগঞ্জের মনাই নদী এখন মরা খাল

১৮/০৪/২০২৬ ১৪:২৯:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশ থেকে নেমে আসা একসময়ের খরস্রোতা ‘মনাই নদী’ এখন অস্তিত্ব সংকটে ভুগছে। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের বুক চিরে বয়ে যাওয়া এই নদীটি পলি জমে ভরাট হয়ে যাওয়ায় এখন সরু খালে পরিণত হয়েছে। ফলে নদী তীরবর্তী ১৫টি গ্রামের প্রায় ১৬ হাজার মানুষ দীর্ঘ সময় ধরে চরম পানিশূন্যতায় ভুগছেন।

সরেজমিনে দেখা গেছে, নদীর উৎসমুখ থেকে দীর্ঘ ২০ কিলোমিটার এলাকা বর্তমানে সম্পূর্ণ শুষ্ক। পানির অভাবে স্থানীয় কৃষকরা সেচ কাজ চালাতে পারছেন না, এমনকি দৈনন্দিন গৃহস্থালি কাজ ও গবাদিপশুর পানির তৃষ্ণা মেটাতেও এলাকাবাসীকে হিমশিম খেতে হচ্ছে। একসময়ের মৎস্যভাণ্ডার হিসেবে পরিচিত এই নদীটি এখন জীববৈচিত্র্য ও নৌ-চলাচলের উপযোগিতা হারিয়ে মানচিত্রের একটি মৃত রেখায় পরিণত হয়েছে।

স্থানীয়দের আক্ষেপ, নদীটি মরে যাওয়ার সাথে সাথে এই জনপদের জীবনযাত্রা ও সংস্কৃতিও বিপন্ন হয়ে পড়েছে। এ বিষয়ে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানিয়েছেন, মনাই নদীর নাব্যতা ফিরিয়ে আনতে এটিকে একটি সমন্বিত ড্রেজিং প্রকল্পের আওতায় নেওয়া হয়েছে, যা বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

তবে পরিবেশ গবেষকদের মতে, শুধু খনন করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না; বরং দীর্ঘমেয়াদি ও বিজ্ঞানসম্মত পরিকল্পনার পাশাপাশি উৎসমুখের দখল ও ভরাট রোধে প্রশাসনকে কঠোর তদারকি নিশ্চিত করতে হবে। প্রশাসনের আশ্বাস ছাপিয়ে মধ্যনগরের এই বিশাল জনগোষ্ঠীর এখন একটাই দাবি—কাগজে-কলমে নয়, দ্রুত ড্রেজিং শুরু করে নদীর বুক ভরা পানির মাধ্যমে জনপদে স্বস্তি ফিরিয়ে আনা হোক।


এ রহমান

মন্তব্য করুন: