তাহিরপুরে অবৈধভাবে খাস জমির রেকর্ড সংশোধনের প্রতিবাদে মানববন্ধন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তেলীগাঁও গ্রামে অবৈধভাবে খাস জমির রেকর্ড সংশোধনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শ্মশান মন্দির সংলগ্ন এলাকায় তেলীগাঁওসহ আশপাশের বিভিন্ন গ্রামের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন তেলীগাঁও গ্রামের বাসিন্দা বিবেক পাল। তিনি বলেন, “এটি সরকারি খাস ভূমি। আমরা বাপ-দাদার আমল থেকে এই জমি গো-চারণভূমি হিসেবে ব্যবহার করে আসছি। বৈশাখ মাসে চার-পাঁচটি গ্রামের মানুষ এখানে ধান খড়কুটা শুকানোর কাজও করেন। কিন্তু রণধীর পাল বেনু তার স্ত্রী ও ভাবির নামে অবৈধভাবে এই খাস জমির রেকর্ড সংশোধন করেছেন।”
তিনি আরও বলেন, “এর ফলে তেলীগাঁও, কৃষ্ণতলা, বালিয়াগাঁও, ভোরাঘাট ও দুর্ধেরআউটাসহ কয়েকটি গ্রামের মানুষের গবাদিপশুর চারণভূমি সংকুচিত হয়ে পড়েছে। এতে আমরা চরম ভোগান্তিতে পড়েছি। আমরা দ্রুত এই অবৈধ রেকর্ড বাতিলের দাবি জানাচ্ছি।”
এ সময় আরও বক্তব্য রাখেন উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য আমীর আলী, সাবেক ইউপি সদস্য নূরুল আমীন, ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য লুৎফুর রহমান এবং পশ্চিম হাটির ভজন পাল প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, রণধীর পাল বেনু অনৈতিকভাবে খাস জমি নিজের নামে রেকর্ড করে নদীর ড্রেজিং শাখার মাধ্যমে মাটি ভরাটের প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে স্থানীয় জনগণ আদালতের শরণাপন্ন হন। পরবর্তীতে আদালত তাদের আবেদনের প্রেক্ষিতে মাটি ভরাটের কাজে নিষেধাজ্ঞা প্রদান করেন।
সমাবেশে উপস্থিত জনগণ দাবি জানান, ভবিষ্যতে যেন কোনো ব্যক্তি এই খাস গো-চারণভূমি ব্যক্তিগতভাবে দখল বা রেকর্ড করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।
এ রহমান
মন্তব্য করুন: