প্রশাসনের বাধা উপেক্ষা করে ফসল রক্ষায় বাঁধ কাটলেন সুনামগঞ্জের কৃষকরা

প্রশাসনের বাধা উপেক্ষা করে ফসল রক্ষায় বাঁধ কাটলেন সুনামগঞ্জের কৃষকরা

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

৩০/০৩/২০২৬ ০৯:৫৭:২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওর অঞ্চলে সৃষ্ট জলাবদ্ধতা থেকে বোরো ধান বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন সুনামগঞ্জের স্থানীয় কৃষকরা। প্রশাসনের কঠোর নিষেধাজ্ঞা ও বাধা উপেক্ষা করে রবিবার (২৯ মার্চ) সকালে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ও মোহনপুর ইউনিয়নের জুয়ালভাঙ্গা হাওরের জিরাক নদীর পাড়ে অবস্থিত একটি ক্লোজার (ফসল রক্ষা বাঁধ) কেটে দিয়েছেন শতাধিক বিক্ষুব্ধ কৃষক। কৃষকদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অনিয়ম, দুর্নীতি ও অপরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণের ফলে হাওরে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে, যার ফলে তাদের কষ্টের ফসল তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল, পাউবো কর্মকর্তা ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে কৃষকদের সাথে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।

একপর্যায়ে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া মোবাইল ফোনে কৃষক প্রতিনিধিদের সাথে কথা বলে বাঁধ না কাটার অনুরোধ জানালেও কৃষকরা তা মানতে রাজি হননি। উত্তেজিত কৃষকরা সব বাধা উপেক্ষা করে বাঁধের প্রায় অর্ধেক অংশ কেটে ফেলেন। পরে পরিস্থিতি বিবেচনায় সহকারী কমিশনার (ভূমি), স্থানীয় বিএনপি নেতা আমিনুর রশিদ ও জনপ্রতিনিধিরা নৌকায় করে হাওরের বর্তমান অবস্থা পরিদর্শন করেন। এদিকে, অনুমতি ছাড়া ফসল রক্ষা বাঁধ কাটা সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ উল্লেখ করে সুনামগঞ্জ জেলা প্রশাসনের ফেসবুক পেজে একটি সতর্কবার্তা জারি করা হয়েছে।

জেলা প্রশাসক জানিয়েছেন, কারিগরি মতামত ছাড়া এভাবে বাঁধ কাটা ভবিষ্যতে ফসল রক্ষাকে আরও ঝুঁকির মুখে ফেলতে পারে এবং এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জলাবদ্ধতা নিরসনে যেকোনো পদক্ষেপের আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা বা সংশ্লিষ্ট প্রকৌশলীদের অবহিত করার জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন: