তাহেরীর মাহফিল ঘিরে উত্তপ্ত মাধবপুর: বিএনপি নেতাকর্মীদের হুঁশিয়ারি, অনড় অবস্থানে বক্তা

তাহেরীর মাহফিল ঘিরে উত্তপ্ত মাধবপুর: বিএনপি নেতাকর্মীদের হুঁশিয়ারি, অনড় অবস্থানে বক্তা

রাজীব দেব রায় রাজু,মাধবপুর প্রতিনিধি

১৪/১১/২০২৬ ২১:৫০:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুরে একটি ধর্মীয় মাহফিলে আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর অংশগ্রহণকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। তাকে মাহফিলে আসতে বাধা দেওয়ার ঘোষণা দিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। তবে বিএনপি ও অঙ্গসংগঠনের এমন হুঁশিয়ারির পরও যেকোনো মূল্যে মাহফিলে যাওয়ার বিষয়ে অনড় অবস্থানে রয়েছেন তাহেরী।

আগামীকাল রোববার (১৫ নভেম্বর) উপজেলার বহরা ইউনিয়নের তালিবপুর আহম্মদিয়া মিশন উচ্চ বিদ্যালয় মাঠের সামনে ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরিফের বাৎসরিক সুন্নি মহাসম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খান্দুরা দরবার শরিফের পীর সৈয়দ রেজাউল কামাল ওয়াসিমের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর উপস্থিত থাকার কথা রয়েছে।

এদিকে মাহফিলে তাহেরীর অংশগ্রহণ প্রতিহত করতে শনিবার (১৪ নভেম্বর) বিকেলে কাশিমনগর বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন আলম রিপনের নেতৃত্বে বিক্ষোভে অংশ নেন উপজেলা ও স্থানীয় বিএনপি, যুবদল এবং ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মুফতি গিয়াস উদ্দিন তাহেরী বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং বিগত সরকারের পক্ষে অবস্থান নিয়ে উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন। এ সময় তাকে মাহফিলে অবাঞ্ছিত ঘোষণা করে কঠোর অবস্থানের কথা জানান তারা। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা এনামুল হক ফয়সন, চৌমুহনী ইউনিয়ন বিএনপির সহসভাপতি মুজাহিদ, যুবদল নেতা মো. সেলিম, ছাত্রদল নেতা রাসেল মিয়া ও বিএনপি নেতা হাসিম মেম্বারসহ অনেকে।

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কঠোর হুশিয়ারির বিষয়ে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজের অবস্থানে অনড় থাকার কথা জানান। তিনি বলেন-কত দেখলাম, কতজনে কত কী বলল। আমার ভক্তরা আমার পাশে রয়েছে। মাইক চললে অবশ্যই আমি উপস্থিত হব, ইনশাআল্লাহ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও তৎপরতা শুরু হয়েছে। বহরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) উপস্থিতিতে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় তাহেরী হুজুরের অনুপস্থিতিতে মাহফিল সম্পন্ন করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল বলে জানান তিনি।

এদিকে মাহফিল আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপি নেতারা কেন হঠাৎ এমন কঠোর অবস্থান নিয়েছেন, তা তাদের কাছে স্পষ্ট নয়। উদ্ভূত পরিস্থিতিতে আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝি অবসানের পাশাপাশি শান্তিপূর্ণভাবে মাহফিল সম্পন্ন করতে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন আয়োজকরা। তবে এ বিষয়ে উপজেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত কয়েকজন নেতার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তারা মন্তব্য করতে রাজি হননি।

স্থানীয় সূত্রে জানা যায়, বিগত জাতীয় সংসদ নির্বাচনে মুফতি গিয়াস উদ্দিন তাহেরী প্রতিদ্বন্দ্বিতা করে উল্লেখযোগ্য সংখ্যক ভোট পেয়েছিলেন। রাজনৈতিক প্রেক্ষাপট ও বিগত নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে এই বিরোধ আরও ঘনীভূত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad