দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরের পুরাতন বাসস্টেশন এলাকার জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত স্কয়ার পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুনাজ্জির হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া, অ্যাডভোকেট আহাদ জুয়েল, মঈনুল ইসলাম, আনোয়ার আলম, সৈয়দ মুহাদ্দিস, বাহাউদ্দীন শাহী, মনসুর আহমদ, ওমর ফারুক ও সামছুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, একটি কুচক্রী মহল পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। যেকোনো মূল্যে এই ষড়যন্ত্র প্রতিহত করতে দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান তারা।
তাহির আহমদ/ মীর্জা ইকবাল
মন্তব্য করুন: