সিলেটে হারিয়ে যাওয়া ৬০ মোবাইল উদ্ধার, মালিকদের হস্তান্তর
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ডিবি-সাইবার ক্রাইম ইউনিটের বিশেষ প্রচেষ্টায় সিলেট মহানগর এলাকায় হারিয়ে যাওয়া ৬০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে প্রকৃত মালিকদের হাতে এসব মোবাইল ফোন হস্তান্তর করা হয়। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সারওয়ার মুর্শেদ শামীম, বিপিএম মহোদয় আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের নিকট উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো তুলে দেন।
পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে সিলেট মহানগর এলাকায় সাধারণ ডায়েরি (জিডি) করা হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলোর বিষয়ে তথ্য-প্রযুক্তির সহায়তা নিয়ে নিরলস পরিশ্রম করে ডিবি-সাইবার ক্রাইম ইউনিট। পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং উদ্ধার টিমের আন্তরিক প্রচেষ্টায় মহানগরীর ছয়টি থানা থেকে প্রাপ্ত মোট ৬১০টি জিডি পর্যালোচনা করে ৬০টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়। এছাড়া মোবাইল ফোন উদ্ধার টিম গঠিত হওয়ার পর থেকে অদ্যাবধি মোট ৪৪৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
হারিয়ে যাওয়া সাধের মোবাইল ফোনটি ফিরে পেয়ে সংশ্লিষ্ট মালিকরা সিলেট মেট্রোপলিটন পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: