দোয়ারাবাজারে রাজমিস্ত্রি ও গৃহস্থের ওপর হামলা: থানায় মামলা হলেও গ্রেপ্তার নেই কেউ

দোয়ারাবাজারে রাজমিস্ত্রি ও গৃহস্থের ওপর হামলা: থানায় মামলা হলেও গ্রেপ্তার নেই কেউ

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৭/১১/২০২৬ ১৯:৪১:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের এরুয়াখাই গ্রামে ঘর ও দোকান নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জেরে একই দিনে দুই দফা হামলার ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের হামলায় রাজমিস্ত্রি আমিরুল ইসলাম ও ফারুক মিয়া গুরুতর আহত হয়েছেন। দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম, বসতঘরে হামলা, নারীকে লাঞ্ছিত এবং নগদ টাকা ও মালামাল লুটের অভিযোগ উঠেছে।

এসব ঘটনায় ভুক্তভোগীরা পৃথক দুটি নালিশি মামলা করেছেন আদালতে। এর মধ্যে আমিরুল ইসলামের দায়ের করা মামলায় আদালতের নির্দেশে দোয়ারাবাজার থানায় নিয়মিত মামলা (এফআইআর) রুজু হয়েছে। তবে ঘটনার এতদিনেও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় বাদীপক্ষ ও তাঁদের পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে আদালতে দায়ের করা নালিশি দরখাস্ত, আদালতের নির্দেশনা এবং থানার এফআইআর সূত্রে এসব তথ্য জানা গেছে।

মামলার বিবরণ অনুযায়ী, গত ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এরুয়াখাই চকবাজারে রাজিবের দোকানের ভেতর থেকে রাজমিস্ত্রি আমিরুল ইসলামকে টেনেহিঁচড়ে বাইরে এনে মারধর করা হয়। আবুল হোসেনের খালি জায়গায় দোকানঘর নির্মাণের বিষয়ে আমিরুলের সঙ্গে কথাবার্তা চলার কারণে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে এ হামলা চালান।

আমিরুলের মামলায় অভিযোগ করা হয়, হামলার সময় অভিযুক্ত ইব্রাহিমের নির্দেশে আং মালেক দা দিয়ে তাঁর মাথায় কোপ দেওয়ার চেষ্টা করেন। এ সময় প্রতিহত করতে গেলে আমিরুলের বাম কনুইয়ের ওপর এবং মামুনের দা-এর কোপে তাঁর ডান চোখের ওপর গুরুতর জখম হয়। এছাড়া তাঁর পকেট থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং তাঁকে রক্ষায় এগিয়ে এলে ভাই রাজিবের দোকানে হামলা চালিয়ে ২০ হাজার টাকার ক্ষতি ও ক্যাশ বাক্স থেকে আরও ২৫ থেকে ৩০ হাজার টাকা লুটে নেওয়া হয়।

গুরুতর আহত আমিরুলকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতাল এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত ২৭ সেপ্টেম্বর দোয়ারাবাজার আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (সি.আর. নং ৪১২/২০২৬) করেন তিনি। আদালতের নির্দেশে চার দিনের মধ্যে মামলাটি থানায় এফআইআর হিসেবে রেকর্ড করা হয়।

প্রথম হামলার প্রায় দুই ঘণ্টা পর রাত আনুমানিক ৯টার দিকে আবুল হোসেনের বসতঘরে হামলা চালানো হয়। ঘর নির্মাণের জন্য ট্রাংকে জমিয়ে রাখা ২ লাখ টাকা এবং ঘর ভাঙচুরের অভিযোগে গত ২৮ সেপ্টেম্বর আদালতে পৃথক নালিশি মামলা করেন আবুল হোসেন।

অভিযোগে বলা হয়, ইব্রাহিম মোল্লার দা-এর কোপে ফারুক মিয়ার ডান চোখের ওপর গুরুতর জখম হয় এবং মাহফুজের লোহার অ্যাঙ্গেলের আঘাতে তাঁর বুকে জখম হয়। এ সময় আবুল হোসেনের স্ত্রী জোৎস্না বেগমকে চুল ও কাপড় ধরে টানাহেঁচড়া করে লাঞ্ছিত করা হয়। আহত ফারুক মিয়াকেও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। উভয় মামলাতেই ইব্রাহিম, মাহফুজ, মামুন, মাহবুব, মুরাদ ও আং মালেকের নাম উল্লেখ রয়েছে।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত আবুল কালাম দাবি করেন, বাদীরা তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। হামলা, ভাঙচুর বা লুটের কোনো ঘটনাই ঘটেনি। এদিকে প্রধান অভিযুক্ত ইব্রাহিম মোল্লার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন বলে লাইন কেটে দেন, পরবর্তীতে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার বলেন, আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আসামিরা পলাতক থাকায় তাৎক্ষণিক গ্রেপ্তার সম্ভব হয়নি, তবে তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মাসুদ রানা সোহাগ / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad