হবিগঞ্জ সদর হাসপাতালে অভিযান, পাঁচ প্রতারককে কারাদণ্ডসহ জরিমানা
হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে দালালবিরোধী যৌথ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে র্যাব-৯ ও জেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে সাত দিনের কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে হাসপাতাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কামাল শাহ, শাকিব মিয়া, টেনু মিয়া, আফসান মিয়া ও জনাব আলী।
অভিযানে জেলা প্রশাসনের পক্ষে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ মাহমুদ। র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জের পক্ষে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মোশারফ হোসেন সাগর।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ মাহমুদ জানান, দীর্ঘদিন ধরে অভিযুক্তদের গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছিল। তারা সাধারণ রোগীদের বিভিন্নভাবে ভুল বুঝিয়ে টাকা হাতিয়ে নিতেন বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়।
এসআরবি-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের ক্যাপ্টেন মোঃ মোশারফ হোসেন সাগর বলেন, জেলা সদর হাসপাতালে যেহেতু সাধারণত গ্রামগঞ্জ থেকে সহজসরল মানুষজন চিকিৎসা নিতে আসে তাই তাদেরকে ফাঁদে ফেলে দালালরা টাকা পয়সা হাতিয়ে নেয়।
তিনি আরও বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫ জনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড দেয়া হয়েছে। জনস্বার্থে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।
ফয়সল চৌধুরী / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: