জৈন্তাপুরে এসআরবি-৯ এর যৌথ অভিযানে ১১ লাখ ৮৯ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ
সিলেটের জৈন্তাপুরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ (এসআরবি-৯) ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই চা পাতা, আতশবাজি ও একটি পুরাতন ভারতীয় মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৮৯ হাজার ২০০ টাকা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের নুরুল উল্যাহ (৩৫), পিতা-মৃত খয়রুল উল্যাহর বসতঘরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে বসতঘর থেকে ১ হাজার ১০০ কেজি ভারতীয় চা পাতা, যার আনুমানিক মূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা; ২ হাজার ১৫০ প্যাকেট 'Athithi 7cm Electric Sparklers' নামীয় ভারতীয় তারাবাতি, যার মূল্য ৭ লাখ ২৯ হাজার টাকা এবং ৫৫২ বক্স 'Happy Fire Works' নামীয় তুফান চকলেট আতশবাজি, যার আনুমানিক মূল্য ৫৫ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। এসব পণ্যের মোট মূল্য ১১ লাখ ১৪ হাজার ২০০ টাকা।
এ ছাড়া উপজেলার হেমু হাউদপাড়া এলাকা থেকে আনুমানিক ৭৫ হাজার টাকা মূল্যের একটি পুরাতন ভারতীয় ১৫০ সিসি পালসার মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১১ লাখ ৮৯ হাজার ২০০ টাকা।
অভিযানের বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ (এসআরবি-৯) ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে একজনকে পলাতক আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। চোরাচালান ও অবৈধ পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সাইফুল ইসলাম বাবু /নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: