সিলেটের সুরমা ব্রিজে ৪২ বছর পর প্রথমবার শুরু হচ্ছে সংস্কার কাজ
সিলেট নগরের অন্যতম প্রধান যোগাযোগ মাধ্যম এবং সুরমা নদীর বুক চিরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা হযরত শাহজালাল (রহ.) সেতু—যা সাধারণ মানুষের কাছে বহুল পরিচিত ‘নতুন ব্রিজ’ নামে—আজ তার দীর্ঘ ৪২ বছরের ইতিহাসে সবচেয়ে বড় ও ব্যাপক সংস্কারকাজের মুখোমুখি হয়েছে। আশির দশকের শুরুতে নির্মিত এই সেতুটি সিলেটবাসীর উত্তর ও দক্ষিণ সুরমার যাতায়াতে সেতুবন্ধন হিসেবে কাজ করে আসছে। সময়ের বিবর্তনে এবং অতিরিক্ত যানবাহনের চাপে সেতুটির অবকাঠামোয় যে ক্ষয়ক্ষতি দেখা দিয়েছিল, বর্তমানের এই উদ্যোগ তা দূর করে দীর্ঘস্থায়ী টেকসই নিশ্চিত করার লক্ষে অত্যন্ত সময়োপযোগী বলে মনে করছেন সচেতন মহল ও বিশেষজ্ঞরা।
সেতুটির ঐতিহাসিক পটভূমি পর্যালোচনা করলে দেখা যায়, তৎকালীন যোগাযোগমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের দূরদর্শী উদ্যোগ ও সরাসরি তত্ত্বাবধানে ১৯৮২ থেকে ১৯৮৪ সালের মধ্যে এই নির্মাণ প্রকল্পের কাজ সম্পন্ন হয়। মেন্দিবাগ ও দক্ষিণ সুরমা এলাকার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনকারী ১,৯৩৮ ফুট দীর্ঘ এবং ৪৪ ফুট প্রশস্ত এই সেতুটি চালুর পর ঐতিহাসিক ক্বীন ব্রিজের ওপর থেকে অতিরিক্ত ও ভারী যানবাহনের চাপ অনেকাংশেই কমে আসে। ফলে সিলেট-ঢাকা মহাসড়কসহ দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও গতিশীল ও নিরাপদ হয়।
তবে দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে প্রতিদিন হাজার হাজার ভারী ট্রাক, বাস ও পণ্যবাহী যান চলাচলের ফলে সেতুটির কাঠামোগত সুরক্ষায় বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সম্প্রতি বিশেষজ্ঞ প্রকৌশলীদের পর্যবেক্ষণে সেতুটির বিভিন্ন অংশে ফাটল দেখা দেওয়ার পাশাপাশি সংযোগস্থল ও স্প্রিংগুলোর কার্যকারিতা হ্রাস পাওয়ার বিষয়টি স্পষ্ট হয়। এর পরিপ্রেক্ষিতে সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে শুরু হয়েছে এই বৃহৎ পরিসরের মেরামত ও পুনর্গঠন কাজ।
এই সংস্কারকাজের ফলে সাময়িকভাবে যাতায়াতে কিছু ভোগান্তি তৈরি হলেও দীর্ঘমেয়াদে এটি সিলেটবাসীর নিরবচ্ছিন্ন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করবে। একই সঙ্গে ঐতিহাসিক এই সেতুর আয়ুষ্কাল বৃদ্ধি পাবে এবং ভারী যানবাহন চলাচলের ক্ষেত্রে যেকোনো ধরনের বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। স্থানীয় সচেতন নাগরিক ও পরিবহন সংশ্লিষ্টরা আশা করছেন, নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ মানের সঙ্গে এই মেরামত কাজ সম্পন্ন হলে সুরমা নদীর ওপর এই গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্কটি আরও বহু বছর নিরাপদে সেবা দিয়ে যাবে।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: