সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে জেলা প্রশাসক

সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৯/০৩/২০২৬ ১৯:৫০:২৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের হাওরাঞ্চলের বোরো ফসল আগাম বন্যা ও পাহাড়ি ঢলের হাত থেকে রক্ষায় চলমান বাঁধ নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ডঃ ইলিয়াস মিয়া। রবিবার (২৯ মার্চ) দিনব্যাপী তিনি জেলার তাহিরপুর, মধ্যনগর, ধর্মপাশা ও জামালগঞ্জ উপজেলার বিভিন্ন হাওরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনে প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) চলমান কাজগুলো পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রতিটি বাঁধের উচ্চতা, প্রশস্ততা এবং মাটির কাজের গুণগত মান নিবিড়ভাবে পরীক্ষা করেন। তিনি সংশ্লিষ্টদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, "হাওরের কৃষকের ঘাম ঝরানো ফসল রক্ষায় কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না। নির্দিষ্ট ডিজাইন অনুযায়ী টেকসই ও মানসম্মত বাঁধ নির্মাণ নিশ্চিত করতে হবে।"

পরিদর্শনকালে ডঃ ইলিয়াস মিয়া স্থানীয় উপকারভোগী কৃষক ও পিআইসি সদস্যদের সাথে সরাসরি কথা বলে তাদের সমস্যার কথা শোনেন। কৃষকরা আগাম বন্যার শঙ্কার কথা জানালে তিনি তাদের আশ্বস্ত করে বলেন, প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সম্পূর্ণ সতর্ক অবস্থানে রয়েছে। এ সময় জেলা প্রশাসকের সাথে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পওর-১) নির্বাহী প্রকৌশলী, সংশ্লিষ্ট উপজেলাগুলোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং পিআইসি সদস্যরা উপস্থিত ছিলেন। প্রকৌশলীবৃন্দ জানান, অধিকাংশ বাঁধের কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে এবং অবশিষ্ট কাজগুলো দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য শ্রমিকদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সুনামগঞ্জের বিশাল এলাকার মানুষের প্রধান জীবিকা বোরো ধানের ওপর নির্ভরশীল হওয়ায় প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয়ে কয়েকশ কিলোমিটার ডুবন্ত বাঁধ নির্মাণ ও সংস্কার করা হয়। প্রশাসনের এই তৎপরতাকে স্থানীয় কৃষকরা ইতিবাচক হিসেবে দেখলেও বৃষ্টির আগে বাঁধের স্থায়িত্ব রক্ষায় ঘাস লাগানো ও ফাটল রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ রহমান

মন্তব্য করুন: