দিরাই বাজারে অবৈধ দখল উচ্ছেদ ও ফুটপাতে অভিযান পৌরসভার
পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা এবং পৌর শহরের যানজট নিরসনে সুনামগঞ্জের দিরাই বাজারে ফুটপাত ও অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে পৌরসভা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে দিরাই বাজারের বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে বসানো দোকানপাট, ত্রিপাল, বাঁশের কাঠামো ও বিলবোর্ডসহ বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। এ সময় ফুটপাত ও সরকারি জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণের দায়ে ‘বাউসী স্টোর’ নামের একটি প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, আনসার সদস্য এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পৌর প্রশাসক ও ইউএনও সনজীব সরকার বলেন, “দিরাই বাজারের যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত রাখা এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। জনস্বার্থে ফুটপাতের অবৈধ দখলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এর আগেও পৌর শহরের থানা রোড, মধ্যবাজার, কলেজ রোড ও লঞ্চঘাট সড়কসহ বিভিন্ন এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে একাধিকবার অভিযান চালানো হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, অভিযান শেষ হওয়ার কিছুদিন পরই আবারও তা জবরদখল হয়ে যায়। তাই এই ফুটপাত ও সড়কগুলো পুনরায় দখল হওয়া ঠেকাতে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন পথচারী ও সচেতন নাগরিকরা।
আয়মান মিয়া/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: