এমপি নাছির চৌধুরীকে শিশির মনিরের চিঠি: তীব্র প্রতিক্রিয়া বিএনপির
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি নাছির চৌধুরীর পারিবারিক জমিজমা সংক্রান্ত মামলাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের প্রকাশ্য খোলা চিঠি নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই চিঠির শব্দচয়ন নিয়ে চলছে তুমুল সমালোচনা।
স্থানীয় বিএনপি নেতাকর্মী ও নেটিজেনদের একাংশ দাবি করছেন, চিঠির বক্তব্য প্রবীণ এই রাজনৈতিক অভিভাবক ও সংসদ সদস্যের সম্মানহানির শামিল।সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া ও তৃণমূলের ক্ষোভ:মঙ্গলবারে আইনজীবী শিশির মনিরের মিডিয়া সেল থেকে প্রকাশ করা ওই খোলা চিঠিটি ছড়িয়ে পড়ার পরপরই ফেসবুকে সমালোচনার ঝড় ওঠে।
চিঠিতে ব্যবহৃত— "এই চিঠি পড়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার মতো শারীরিক ও মানসিক অবস্থা আপনার বর্তমানে নেই" এবং "আপনার লজ্জা আর আমাদের লজ্জা আজ মিলেমিশে একাকার"— কথাগুলোর তীব্র প্রতিবাদ জানাচ্ছেন বিএনপি ও অঙ্গসংগঠনের তরুণ নেতারা।
দিরাই ও শাল্লা উপজেলার বিএনপি নেতাকর্মীদের মতে, একজন নির্বাচিত এমপি ও বীর মুক্তিযোদ্ধার অসুস্থতাকে এভাবে জনসমক্ষে তুলে ধরে অনুকম্পা বা কটাক্ষ করা শিষ্টাচারবহির্ভূত। সামাজিক মাধ্যমে অনেক সমর্থক লিখেছেন, আইনজীবী হিসেবে তিনি পরামর্শ দিতেই পারেন, কিন্তু একজন প্রবীণ নেতাকে অসম্মান করে ‘আমাদের লজ্জা’ বলা রাজনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন।
সামাজিক মাধ্যমে অবশ্য দুটি ভিন্ন ধারা লক্ষ্য করা যাচ্ছে। একপক্ষ যেখানে আইনজীবীর ব্যবহৃত ভাষাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ও অবমাননাকর’ বলে অভিহিত করছেন, অন্যপক্ষ মনে করছেন পারিবারিক বিরোধের খবর মিডিয়ায় আসায় এলাকার ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার বিষয়টিই আইনজীবী তুলে ধরতে চেয়েছেন।
এর আগে সোমবার (১০ আগস্ট) এমপি নাছির চৌধুরীর স্ত্রী পারভিন আক্তার সুনামগঞ্জের আদালতে আটজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, অসুস্থ স্বামীকে হত্যার হুমকি ও গলায় রামদা ধরে বাড়িসহ বিপুল পরিমাণ সম্পত্তি জোরপূর্বক রেজিস্ট্রি করে নিয়েছেন তার তিন সৎ ভাই। মামলায় অভিযুক্ত করা হয় দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী (মাসুক চৌধুরী), মিজানুর রহমান চৌধুরী ও মোসলেহ উদ্দিন চৌধুরীসহ মোট ৮ জনকে।বিবাদী পক্ষের বক্তব্য:মামলার প্রধান আসামি ও এমপির সৎ ভাই মঈন উদ্দিন চৌধুরী (মাসুক চৌধুরী) সব অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, "পারিবারিক সম্পত্তির স্বাভাবিক প্রক্রিয়াকে রাজনৈতিক ও ব্যক্তিগত উদ্দেশ্যে বিকৃত করা হচ্ছে। আমরা সম্পূর্ণ আইনগতভাবেই এই মিথ্যা মামলার মোকাবিলা করব।"সব মিলিয়ে, আদালতের গণ্ডি পেরিয়ে এমপি পরিবারের এই জমি সংক্রান্ত বিবাদ এখন স্থানীয় রাজনীতি ও সামাজিক মাধ্যমে ব্যাপক উত্তাপ ছড়াচ্ছে।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: