ড্রয়ের পর রোনালদো নিয়ে তীব্র সমালোচনা
ডিআর কঙ্গোর বিপক্ষে ১–১ গোলের হতাশাজনক ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে পর্তুগাল। তবে ম্যাচের ফলের চেয়েও বেশি আলোচনায় এখন দলটির তারকা ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক আউটফিল্ড খেলোয়াড় হিসেবে মাঠে নেমে পুরো ম্যাচে একটি শটও লক্ষ্যে রাখতে পারেননি এই পর্তুগিজ কিংবদন্তি। তার এই নিস্প্রভ পারফরম্যান্সকে ঘিরে ফুটবল বিশ্বে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।
ফ্রান্স ও আর্সেনালের সাবেক তারকা থিয়েরি অঁরি রোনালদোর খেলার ধরন নিয়ে কঠোর মন্তব্য করে তাকে ‘স্বার্থপর’ বলেও আখ্যা দেন। তার মতে, দলের চেয়ে ব্যক্তিগত গোলের দিকেই বেশি মনোযোগী ছিলেন রোনালদো।
তবে এই সমালোচনার আবহে দলের পাশে দাঁড়িয়েছেন পর্তুগালের ডিফেন্ডার রুবেন দিয়াস। চোটের কারণে প্রথম ম্যাচে মাঠে না নামা এই ডিফেন্ডার স্পষ্ট করে দিয়েছেন, ব্যর্থতার দায় কোনো একক খেলোয়াড়ের নয়। তার মতে, পুরো দলই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং তাই সবাই এখন সমালোচনার কাঠগড়ায়।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে দিয়াস বলেন, “রোনালদো সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকেন। কিন্তু আমার মনে হয় আমরা সবাই কাঠগড়ায় আছি। এখানে অস্বাভাবিক কিছু নেই। আমরা বাইরের আলোচনা থেকে দূরে থেকে নিজেদের কাজে মনোযোগ দিই।”
প্রথম ম্যাচে ব্রুনো ফার্নান্দেস ও ভিতিনিয়ার মতো মিডফিল্ডারদের বল সরবরাহ নিয়েও প্রশ্ন উঠেছে। তবে এসব সমালোচনাকে গুরুত্ব না দিয়ে দিয়াস জানান, প্রত্যাশা পূরণ না হলে আলোচনা বাড়া স্বাভাবিক হলেও দলের আত্মবিশ্বাস অটুট রয়েছে।
তিনি আরও বলেন, এই পরিস্থিতিকে তারা চাপ হিসেবে না দেখে বরং নিজেদের প্রমাণের সুযোগ হিসেবে নিচ্ছেন। চোট কাটিয়ে ফেরা রুবেন দিয়াস আগামী ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত। এখন দেখার বিষয়, সমালোচনার জবাব দিয়ে পর্তুগাল কতটা ঘুরে দাঁড়াতে পারে।
সজল আহমেদ
মন্তব্য করুন: