দক্ষিণী সিনেমাকে ‘পুরুষতান্ত্রিক’ বললেন তামান্না ভাটিয়া

দক্ষিণী সিনেমাকে ‘পুরুষতান্ত্রিক’ বললেন তামান্না ভাটিয়া

প্রথম ডেস্ক

২৪/০৬/২০২৬ ১৬:৪৩:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হিন্দি ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পের কাজের ধরন এবং নারী অভিনেতাদের প্রতি দৃষ্টিভঙ্গির পার্থক্য নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। প্রায় দুই দশকের অভিনয়জীবনের অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন, দক্ষিণের চলচ্চিত্র শিল্পে নারী তারকাদের জন্য অভিনয় ও গ্ল্যামার, উভয় ক্ষেত্রেই সমানভাবে দক্ষ হওয়ার প্রত্যাশা থাকে। সম্প্রতি ফোর্বস ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী হিন্দি ও দক্ষিণী সিনেমার মধ্যে বিদ্যমান পার্থক্য নিয়ে কথা বলেন। 


তার মতে, হিন্দি চলচ্চিত্রে অভিনয়শিল্পীরা বাণিজ্যিক কিংবা অভিনয়নির্ভর চরিত্রের মধ্যে একটি ধারা বেছে নেওয়ার সুযোগ পান। তবে দক্ষিণের ইন্ডাস্ট্রিতে দীর্ঘ সময় সফল থাকতে হলে নারী অভিনেতাদের অভিনয় এবং গ্ল্যামার, দুই ক্ষেত্রেই নিজেদের প্রমাণ করতে হয়।


তামান্না বলেন, হিন্দি সিনেমায় অনেক অভিনেতা নির্দিষ্ট ধরনের চরিত্রে কাজ করেন এবং সব সময় গান-নাচ বা গ্ল্যামারনির্ভর চরিত্রে দেখা যায় না। তবে যারা অভিনয় ও বাণিজ্যিক দুই ধরনের কাজই সফলভাবে করতে পারেন, তারাই সাধারণত সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত হন।


দক্ষিণী চলচ্চিত্র শিল্প সম্পর্কে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সেখানে এমন কিছু দৃষ্টিভঙ্গি রয়েছে, যেগুলোকে অনেকেই পুরুষতান্ত্রিক বলে মনে করেন। তার ভাষায়, এই মানসিকতা সব সময় নারী শিল্পীদের জন্য ইতিবাচক নয়।


তিনি আরও বলেন, বাণিজ্যিক দক্ষিণী সিনেমায় একজন অভিনেতার জন্য শক্তিশালী অভিনয়ের পাশাপাশি গান ও নাচের পারফরম্যান্সও সমান গুরুত্বপূর্ণ। যারা দীর্ঘদিন ধরে সফলভাবে কাজ করে যাচ্ছেন, তারা সাধারণত এই দুই ক্ষেত্রেই দক্ষতা দেখাতে সক্ষম হন। তবে তার মতে, এই ধরনের সিনেমা অনেক সময় শিল্পীদের জন্য কিছুটা সীমাবদ্ধতাও তৈরি করে।


আইটেম গান প্রসঙ্গে তামান্না বলেন, তিনি বিষয়টিকে নেতিবাচকভাবে দেখেন না বরং এগুলোকে ‘পার্টি গান’ হিসেবে বিবেচনা করেন। 


তার মতে, অনেক সময় এসব গান চলচ্চিত্রের চেয়েও বেশি জনপ্রিয়তা পায়। উদাহরণ হিসেবে তিনি ‘চাম্মক ছল্লো’ এবং ‘শীলা কি জাওয়ানি’ গানের কথা উল্লেখ করেন, যেগুলো সিনেমার সাফল্যের বাইরে গিয়েও দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।


কাজের ক্ষেত্রে তামান্নাকে সর্বশেষ দেখা গেছে ‘ওডেলা ২’ ছবিতে, যা ‘ওডেলা রেলওয়ে স্টেশন’র সিক্যুয়েল। এছাড়া তিনি শিগগিরই সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে ‘ভিভান’ ছবিতে অভিনয় করবেন। ছবিটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

রোদ্দুর রিফাত

মন্তব্য করুন: