চুনারুঘাটে সেতু ধসে ২ চা বাগানের ৮ হাজার মানুষ দুর্ভোগে
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লস্করপুর ও কাপাই চা বাগানের মধ্যকার সংযোগ সেতুটি পাহাড়ি ঢলের তোড়ে ধসে পড়েছে। এর ফলে দুই বাগানের অন্তত ৮ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একই সঙ্গে বন্ধ হয়ে গেছে কারখানায় চা পাতা পরিবহন, যার কারণে বাগানের স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাতছড়ি জাতীয় উদ্যান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সেতুটির দুই পাশের অ্যাপ্রোচ সড়কসহ মাঝের অংশ ধসে যায়। প্রায় ১৫ বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সেতুটি নির্মাণ করেছিল। কয়েক বছর আগেও ঢলের কারণে এটি ক্ষতিগ্রস্ত হলেও তা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
কাপাই চা বাগানের বাসিন্দারা জানান, প্রতিদিন কয়েক শ শিক্ষার্থী এই সেতু পার হয়ে লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চবিদ্যালয়ে যাতায়াত করত। সেতু ধসে পড়ায় তাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
তাছাড়া, কাপাই চা বাগানের উৎপাদিত কাঁচা চা পাতা প্রক্রিয়াজাতকরণের জন্য লস্করপুর কারখানায় নেওয়া হতো। সেতু ভেঙে যাওয়ায় এখন কয়েক কিলোমিটার দীর্ঘ পথ ঘুরে পাতা পরিবহন করতে হচ্ছে। এতে সময় ও ব্যয় দুটোই বেড়ে গেছে বলে বাগান সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পাইকপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওয়াহেদ আলী বলেন, দুই বাগানের প্রায় দুই হাজার শ্রমিক পরিবারের ৮ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। পাহাড়ি ছড়াটি বড় হয়ে যাওয়ায় সেতুটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।
লস্করপুর চা বাগানের ব্যবস্থাপক মো. সাজ্জাদুল হক বলেন, সেতুর মাঝের পিলার ভেঙে গেছে। এটি আর মেরামত করার মতো অবস্থায় নেই। এখানে নতুন সেতু নির্মাণ করা জরুরি।
জানতে চাইলে চুনারুঘাট উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. ফজলুল হক বলেন, বাগান কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখানে দ্রুত নতুন একটি সেতু নির্মাণের জন্য সদর দপ্তরে প্রকল্প প্রস্তাব পাঠানো হবে।
রোদ্দুর রিফাত/ তাহির আহমদ
মন্তব্য করুন: