নকআউটের লক্ষ্যে নরওয়ে বাঁচার লড়াইয়ে সেনেগাল

নকআউটের লক্ষ্যে নরওয়ে বাঁচার লড়াইয়ে সেনেগাল

প্রথম ডেস্ক

২২/০৬/২০২৬ ১৮:৫৮:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিশ্বকাপের শুরুটা দুর্দান্তভাবেই করেছে নরওয়ে। ইরাককে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসী দলটি এবার চোখ রাখছে নকআউট পর্ব নিশ্চিত করার দিকে। আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে মেটলাইফ স্টেডিয়ামে সেনেগালের মুখোমুখি হবে ইউরোপের প্রতিনিধিরা। এই ম্যাচে জয় পেলেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত হয়ে যাবে নরওয়ের।


অন্যদিকে সেনেগালের সামনে এটি বাঁচা-মরার লড়াই। প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে ৩-১ গোলে হেরে টুর্নামেন্টে কঠিন সমীকরণে পড়ে গেছে আফ্রিকার দলটি। ফলে নকআউট পর্বে ওঠার আশা জিইয়ে রাখতে হলে নরওয়ের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই তাদের। দুই দলের সামনে তাই ভিন্ন বাস্তবতা—একপাশে নকআউট নিশ্চিত করার সুযোগ, অন্যপাশে টিকে থাকার মরিয়া লড়াই।


প্রথম ম্যাচে নরওয়ের জয়ে বড় ভূমিকা রাখেন দলের সবচেয়ে বড় তারকা আর্লিং হ্যালান্ড। ইরাকের বিপক্ষে জোড়া গোল করে তিনি ছিলেন ম্যাচের নায়ক। সেনেগালের বিপক্ষেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে প্রস্তুত ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার। তাকে ঘিরেই ম্যাচ পরিকল্পনা সাজাচ্ছেন নরওয়ে কোচ স্টালে সোলবাকেন। সেনেগালের বিপক্ষে নরওয়ে হাই-প্রেসিং কৌশলে খেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। সে ক্ষেত্রে ৪-৩-৩ ফরমেশনে মাঠে নামতে পারে দলটি, যেখানে আক্রমণভাগের মূল ভরসা থাকবেন হ্যালান্ড।


তবে নরওয়ের কাজ সহজ হবে না। প্রতিআক্রমণে ভয়ংকর হয়ে উঠতে পারে সেনেগাল। সাদিও মানে, কালিদু কুলিবালি ও এডোয়ার্ড মেন্ডির মতো অভিজ্ঞ ফুটবলারদের নিয়ে গড়া দলটি নরওয়ের রক্ষণভাগের জন্য বড় পরীক্ষাই হতে পারে। ২০২৪ সাল থেকে সেনেগাল দলের দায়িত্বে থাকা কোচ পেপ থিয়াওর অধীনে দলটি ইতোমধ্যে নেশনস কাপের ফাইনালও খেলেছে। যদিও বিতর্কিত সেই ফাইনালে শেষ পর্যন্ত হার মানতে হয়েছিল তাদের। তবু সেই সাফল্যের স্মৃতি ও আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপে এসেছে সেনেগাল।


প্রথম ম্যাচের হতাশা ভুলে এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে আফ্রিকান দলটি। নরওয়ের বিপক্ষে ইতিবাচক একটি ফলই কেবল তাদের টুর্নামেন্টে টিকিয়ে রাখতে পারে। অতীত পরিসংখ্যানও কিছুটা সাহস জোগাতে পারে সেনেগালকে। এর আগে একবারই প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল, যেখানে ২-১ গোলে জয় পেয়েছিল সেনেগাল।


এবার অবশ্য মঞ্চ বিশ্বকাপের, আর চাপও অনেক বেশি। নরওয়ে কি নকআউট নিশ্চিত করবে, নাকি সেনেগাল ফিরবে জয়ের পথে—উত্তর মিলবে মেটলাইফ স্টেডিয়ামের লড়াইয়ে।

সজল আহমেদ

মন্তব্য করুন: