আইনশৃঙ্খলা রক্ষায় সুনামগঞ্জে পুলিশের বিশেষ মহড়া
যেকোনো ধরনের জরুরি পরিস্থিতি মোকাবিলা, দ্রুত সাড়া প্রদান এবং আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের সক্ষমতা বাড়াতে সুনামগঞ্জে এক বিশাল ‘ফোর্স মোবিলাইজেশন ড্রিল’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত পয়েন্টে এ মহড়া চালানো হয়।
সিলেট রেঞ্জের ডিআইজি’র নির্দেশনায় এবং সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) এ বি এম জাকির হোসেন, পিপিএম-এর সরাসরি নেতৃত্বে ও দিকনির্দেশনায় জেলা পুলিশ এই বিশেষ ড্রিলের আয়োজন করে।
পুলিশ সূত্রে জানা গেছে, আকস্মিক যেকোনো সংকট বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে কীভাবে পুলিশ দ্রুততম সময়ে ব্যারিকেড তৈরি, পজিশন গ্রহণ এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে—তা বাস্তবসম্মতভাবে এই ড্রিলে ফুটিয়ে তোলা হয়। মহড়াকালে পুলিশ সদস্যদের আধুনিক সুরক্ষা সরঞ্জাম (রায়ট গিয়ার) ও প্রয়োজনীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মাঠে তৎপর থাকতে দেখা যায়।
উক্ত ড্রিলে সুনামগঞ্জ জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং জেলা পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটের অফিসার ও ফোর্স অত্যন্ত পেশাদারিত্বের সাথে সক্রিয়ভাবে অংশ নেন।
জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই মহড়ার পেছনে প্রধান লক্ষ্য ছিল, যেকোনো উদ্ভূত বা আকস্মিক পরিস্থিতিতে পুলিশ কত দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কার্যকর ব্যবস্থা নিতে পারে, তার সময় ও গতি পরীক্ষা করা। জেলা পুলিশ, ডিবি এবং বিভিন্ন থানার মধ্যে তথ্য আদান-প্রদান ও মাঠপর্যায়ে যৌথ অ্যাকশনের সমন্বয় জোরদার করা। মাঠপর্যায়ে অফিসার ও ফোর্সদের সার্বিক প্রস্তুতি, শৃঙ্খলা এবং মানসিক ও শারীরিক সক্ষমতার বাস্তবসম্মত মূল্যায়ন। পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, দায়িত্ববোধ এবং আধুনিক সরঞ্জাম ব্যবহারের সক্ষমতাকে আরও সুসংহত করা।
পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন (পিপিএম) জানান, সুনামগঞ্জ জেলা পুলিশ জনগণের জানমাল রক্ষা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপতৎপরতা রুখে দিতে সর্বদা প্রস্তুত ও প্রতিশ্রুতিবদ্ধ। নাগরিক নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো চেষ্টাকে কঠোরভাবে মোকাবিলা করা হবে।
সরেজমিনে দেখা যায়, বিকেলজুড়ে শহরের গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশদ্বারগুলোতে পুলিশের এই আকস্মিক ও সুশৃঙ্খল মহড়া সাধারণ মানুষের মাঝে এক ধরনের স্বস্তি ও নিরাপত্তার অনুভূতি তৈরি করেছে। যেকোনো ধরনের নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা পুলিশের এই প্রস্তুতিকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
প্রীতম দাস/ সজল আহমদ
মন্তব্য করুন: