গোয়াইনঘাটে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৩

গোয়াইনঘাটে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৩

নিজস্ব প্রতিনিধি, গোয়াইনঘাট

২২/০৬/২০২৬ ১৯:৪৪:৪৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কামরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও ৩ জন পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।


সোমবার (২২ জুন) দুপুরের দিকে উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের লেঙ্গুরা নদীর পার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত কামরুল ইসলাম লেঙ্গুরা গ্রামের কুতুব আলীর ছেলে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলে আসা পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় কামরুল ইসলাম এবং সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেনের লোকজনের মধ্যে উত্তেজনা চলছিল। এরই জেরে সোমবার দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।


সংঘর্ষের শুরুতে কামরুল ইসলাম দেশীয় অস্ত্র (রামদা) দিয়ে সাবেক মেম্বার বিল্লাল হোসেনের মেয়ে মোসাম্মৎ রুকছানা আক্তারকে কুপিয়ে বাম হাতে গুরুতর জখম করেন। এই খবর ছড়িয়ে পড়লে বিল্লাল মেম্বারের লোকজন ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ কামরুলের ওপর পাল্টা আক্রমণ চালায়। এ সময় তারা কামরুলকে দেশীয় অস্ত্র দিয়ে হাত, পা ও গলায় এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।


পরবর্তীতে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় কামরুলকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল বেলা তাঁর মৃত্যু হয়।


অন্যদিকে, সংঘর্ষে আহত সাবেক মেম্বার বিল্লাল উদ্দিন, তাঁর মেয়ে রুকসানা বেগম এবং জুনেদ আহমদকে আটক করে পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম সিলেটকে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সজল আহমেদ

মন্তব্য করুন: