ইসলামী ব্যাংকে নতুন পর্ষদ চেয়ে গ্রাহকদের আল্টিমেটাম

ইসলামী ব্যাংকে নতুন পর্ষদ চেয়ে গ্রাহকদের আল্টিমেটাম

প্রথম ডেস্ক

২২/০৬/২০২৬ ১৮:৫১:২৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আগামী ২৪ ঘণ্টার মধ্যে সৎ, দক্ষ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানিয়েছে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’। একই সঙ্গে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন সংগঠনটির নেতারা।


সোমবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। এর আগে সকাল ১১টার দিকে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে জড়ো হন কয়েকশ গ্রাহক। পরে তারা মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে গিয়ে অবস্থান নেন। কর্মসূচিকে কেন্দ্র করে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া উপস্থিতিও দেখা যায়।


সাত দফা দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সভাপতি নুর-উন-নবি মানিক বলেন, ব্যাংকটির প্রতি গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে হলে দ্রুত একটি গ্রহণযোগ্য, দক্ষ ও বিশ্বাসযোগ্য পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। তাঁর ভাষ্য, নতুন পর্ষদে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে হবে, যাঁদের সততা, পেশাগত দক্ষতা এবং ইসলামি অর্থনীতি সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান রয়েছে।


সমাবেশে বক্তারা বলেন, অতীতে অনিয়ম, দুর্নীতি কিংবা নিয়মবহির্ভূত নিয়োগের সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনোভাবেই ইসলামী ব্যাংকে পুনর্বহাল করা যাবে না। আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং ব্যাংকটির সুশাসন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তারা।


অন্যদিকে গ্রাহকদের দাবির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ইসলামী ব্যাংকের জন্য খুব শিগগিরই অভিজ্ঞ, পেশাদার ও দক্ষ ব্যক্তিদের সমন্বয়ে একটি শক্তিশালী পরিচালনা পর্ষদ গঠন করা হবে। ব্যাংকটির সুশাসন, স্থিতিশীলতা এবং গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

সজল আহমেদ

মন্তব্য করুন: