বড়লেখা ও জুড়ীতে জহরত আদিব চৌধুরীর উন্নয়ন উদ্যোগ

মাঠে সক্রিয় ব্যক্তিগত সহকারী উসামা

বড়লেখা ও জুড়ীতে জহরত আদিব চৌধুরীর উন্নয়ন উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

২২/০৬/২০২৬ ১৮:২৮:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৩২৭ এর সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী জাতীয় পর্যায়ের দায়িত্ব পালনের পাশাপাশি মৌলভীবাজার জেলার বড়লেখা ও জুড়ী উপজেলার উন্নয়ন কার্যক্রমেও নিয়মিত দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন। তাঁর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ব্যক্তিগত সহকারী দেওয়ান উসামা।


জানা গেছে, বড়লেখা ও জুড়ী উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ অনুদান প্রদানের উদ্যোগ গ্রহণ করেছেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। এ উপলক্ষে বিভিন্ন প্রকল্পের প্রস্তাবনা প্রস্তুত, তথ্য সংগ্রহ, স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতের কাজ তদারকি করছেন দেওয়ান উসামা।


প্রস্তাবিত বরাদ্দ অনুযায়ী বড়লেখা উপজেলায় কবিখা-কাবিটা খাতে ১৯ লাখ ৫০ হাজার টাকা, ৬ মেট্রিক টন চাল, ৭ মেট্রিক টন গম এবং টিআর (নগদ) খাতে ২৬ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অপরদিকে জুড়ী উপজেলায় কবিখা-কাবিটা খাতে ১০ লাখ ৫০ হাজার টাকা, ৪ মেট্রিক টন চাল, ৫ মেট্রিক টন গম এবং টিআর (নগদ) খাতে ১৪ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।


এই বরাদ্দের আওতায় বড়লেখা ও জুড়ী উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়ক, মসজিদ, মন্দির, শ্মশানঘাট, মাদ্রাসা, স্কুল-কলেজসহ জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে। স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি ও প্রয়োজন বিবেচনায় এসব প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


উন্নয়ন কাজের সুষ্ঠু বাস্তবায়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্থানীয় নেতাকর্মীদের সমন্বয়ে একটি বাস্তবায়ন ও তদারকি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যদের স্বাক্ষর সংগ্রহ শেষে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর অনুমোদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে।


এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মুজিব রাজা চৌধুরী এবং যুবদল নেতা কামরুল ইসলাম।


দেওয়ান উসামা বলেন, “ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর নির্দেশনায় বড়লেখা ও জুড়ীর উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। জনগণের প্রত্যাশা অনুযায়ী প্রতিটি প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে, ইনশাআল্লাহ।”


ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী বলেন, “জনগণের কল্যাণ এবং এলাকার সার্বিক উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য। উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে আমরা সকলের সহযোগিতা কামনা করছি।”


তিনি আরও বলেন, খুব শিগগিরই এসব উন্নয়নমূলক কার্যক্রমের বাস্তব প্রতিফলন জনগণ দেখতে পাবেন এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা ও জনসেবামূলক অবকাঠামোর আরও উন্নয়ন সাধিত হবে।

হিফজুর রহমান/ রোদ্দুর রিফাত

মন্তব্য করুন: